জামিন পেলেন সাকাপুত্র হুম্মাম

মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে হত্যাচেষ্টার মামলায় জামিন দিয়েছেন আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর হাকিম মো. কায়সারুল ইসলাম আজ রোববার এ জামিন মঞ্জুর করেন।
প্রায় সাত বছর আগে গুলশান থানায় দায়ের করা ওই মামলায় গতকাল শনিবার ধানমন্ডি থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত তাঁকে কারাগারে পাঠান।
হুম্মাম কাদেরের আইনজীবী খন্দকার ফকিরুজ্জামান প্রথম আলোকে বলেন, মামলার বাদী সাবেক আইজিপি আশরাফুল হুদার ছেলে শামসুল হুদার সঙ্গে একটি আপস হয়েছে। আর ওই আপসের ভিত্তিতেই আদালত জামিন মঞ্জুর করেছেন।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০০৮ সালের ১০ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে আগাম জামিন নেন হুম্মাম কাদের চৌধুরী। আদালত তাঁকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু আত্মসমর্পণ না করায় ওই বছরের ১২ অক্টোবর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বিবরণীতে বলা হয়, ২০০৮ সালের ২৫ জুলাই গুলশান ২ এর ৭৪ নম্বর রোডে ইন্টারন্যাশনাল হোটেলের সামনে আসামি বাদীকে মারধর করেন ও হত্যাচেষ্টা চালান।