রেলে সহকারী লোকোমাস্টার (চালক) নিয়োগে দুর্নীতির মামলার আসামি ১৪ জন চালককে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া ১৪ চালক হলেন খুরশিদা আক্তার, রেহেনা আবেদীন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মো. শহিদ, জসিম উদ্দিন, রতন মনি সিংহ, গোলাম রহমান, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, আফতাব উদ্দিন, শাহাদাত হোসেন, আবু জাফর ও শহিদুল ইসলাম। তাঁরা বাংলাদেশ রেলওয়েতে চালক হিসেবে কর্মরত আছেন।
দুদক চট্টগ্রামের কোর্ট পরিদর্শক এমরান হোসেন প্রথম আলোকে বলেন, ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় রেলে সহকারী লোকোমাস্টার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানকে আসামি করে মামলা করেন দুদক ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা। পরে তিনিই মামলার তদন্ত শুরু করেন। তদন্ত শেষে মৃধাকে বাদ দিয়ে রেলের ওই দুই কর্মকর্তা, উত্তরপত্র মূল্যায়ন করা তিন কলেজশিক্ষক, ২৭ পরীক্ষার্থীসহ ৩২ জনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন। উত্তরপত্র ঘষামাজা করে ফেল করা প্রার্থীদের পাস দেখানো এবং জেলা কোটা না মানায় আসামিদের অভিযুক্ত করা হয় অভিযোগপত্রে।
কোর্ট পরিদর্শক এমরান হোসেন বলেন, আদালত এজাহারে থাকা আসামি মৃধাকে অভিযোগপত্রে বাদ দেওয়া হলেও তাঁর বিরুদ্ধেও অভিযোগ আমলে নেন। পরে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল এই মামলার পলাতক ১৪ আসামি সহকারী লোকোমাস্টার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন। মৃধা, হাফিজুর রহমান ও গোলাম কিবরিয়া কারাগারে আটক রয়েছেন।