জামিন পেলেন ১৪ লোকো মাস্টার
রেলের নিয়োগে দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন ১৪ সহকারী লোকো মাস্টার। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. শাহেনূর তাঁদের আবেদন মঞ্জুর করেন।
জামিন পাওয়া এ ১৪ সহকারী লোকো মাস্টার হলেন খুরশিদা আক্তার, রেহেনা আবেদীন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মো. শহিদ, জসিম উদ্দিন, রতন মনি সিংহ, গোলাম রহমান, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, আফতাব উদ্দিন, শাহাদাত হোসেন, আবু জাফর ও শহিদুল ইসলাম।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কোর্ট পরিদর্শক এমরান হোসেন প্রথম আলোকে বলেন, রেলের সহকারী লোকো মাস্টার পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (বরখাস্ত) জিএম ইউসুফ আলী মৃধা, পূর্বাঞ্চলের সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ও রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমানকে আসামি করে মামলা করা হয়। মামলাটি করেন দুদক ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা। পরে তিনিই মামলার তদন্ত শুরু করেন। তদন্ত শেষে মৃধাকে বাদ দিয়ে রেলের বাকি দুই কর্মকর্তা, উত্তরপত্র মূল্যায়ন করা তিন কলেজশিক্ষক ও ২৭ পরীক্ষার্থীসহ ৩২ জনের বিরুদ্ধে গত বছরের ১৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এতে উত্তরপত্র ঘষামাজা করে ফেল করা প্রার্থীদের পাস দেখানো এবং জেলা কোটা না মানার অভিযোগ করা হয়।
কোর্ট পরিদর্শক এমরান হোসেন আরও বলেন, ইউসুফ আলী মৃধাকে অভিযোগপত্রে বাদ দেওয়া হলেও তাঁর বিরুদ্ধে মামলার এজাহারে দেওয়া অভিযোগ আমলে নেন আদালত। পরে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন আদালত। আজ এই মামলার পলাতক ১৪ আসামি (বর্তমান সহকারী লোকো মাস্টার) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
এ মামলার অন্যতম আসামি জিএম ইউসুফ আলী মৃধা, হাফিজুর রহমান ও গোলাম কিবরিয়া জেল হাজতে রয়েছেন।