‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটের দক্ষিণ সুরমার রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিশ্বনাথে থানা ঘেরাওকালে পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনে দুটি মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ ২১৭ নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল রোববার নেতা-কর্মীরা আত্মসমর্পণ করেন। এ সময় তাঁদের পক্ষে আইনজীবী জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র জানায়, গত ১৭ এপ্রিল ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার খবরে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরের কাছে বিএনপির নেতা-কর্মীরা অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হলে গতকাল আদালতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলামসহ ৫৪ জন আদালতে হাজির হন।একই দাবিতে ২২ এপ্রিল বিশ্বনাথে থানা ঘেরাও কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানসহ দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়। এ মামলার আসামি বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি সোহেল চৌধুরী, যুগ্ম সম্পাদক লিলু মিয়া, দেওকলস ইউপি চেয়ারম্যান তাহিদ মিয়া, দশঘর ইউপি চেয়ারম্যান আব্বাছ আলীসহ ১৬৩ জন আদালতে আত্মসমর্পণ করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হক জানান, দুটি মামলায় আদালতে আত্মসমর্পণকারী ২১৭ জন আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন প্রার্থনা করলে আদালত জামিন মঞ্জুর করেন।