জামিন পেয়ে বাদীপক্ষের একজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে করা মামলায় জামিনে বাড়িতে এসে আসামিরা বাদীপক্ষের একজনকে পিটিয়ে হত্যা করেছেন। এ ছাড়া দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।নিহত ব্যক্তির নাম আশরাফ হোসেন (৩০)।আহত ব্যক্তিরা হলেন আলাদীপুর গ্রামের আলতাফ হোসেন (৪০), নকি বেগম (৪৫), কবিরুল ইসলাম (৩০), মিজানুর রহমান (৩৫), ভানু বেগম (৪৫), পারুল বেগম (৩০) ও মর্জিনা বেগম (৪০) এবং জেঠুয়া গ্রামের নাজমুল হাসান (২০)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে আলাদীপুর গ্রামের সোহরাব সরদার ও আবদুল আজিজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ৭ মে রাতে বিরোধপূর্ণ জমির দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলা হয়। এ ঘটনায় পরদিন সোহরাব বাদী হয়ে আবদুল আজিজ মোড়লসহ ১১ জনের নাম উল্লেখ করে তালা থানায় মামলা করেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল আসামিরা আদালত থেকে জামিনে বাড়িতে আসেন। বেলা তিনটার দিকে আবদুল আজিজ ও আবদুল মুজিদের নেতৃত্বে তাঁদের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সোহরাবের চাচাতো ভাই আশরাফকে পিটিয়ে হত্যা করে। পাটখেতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আশরাফ। তাঁকে হত্যার খবর পেয়ে সোহরাবের পক্ষের লোকজন ছুটে গেলে দুই পক্ষের সংঘর্ষ হয়।তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবদুল আজিজ (৫০), লিয়াকত মোড়ল (৩৮), আহাদ আলী মোড়ল (৪৫), ইউনুছ মোড়ল (২১), মহসিন মোড়ল (২৩) ও রাজু মোড়লকে (১৯) আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।