জামিন পেয়ে বাদীর খেতের পাট নষ্ট করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে ছাড়া পেয়ে এক আসামি বাদীর খেতের পাট নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। মাগুরার মহম্মদপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামে গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও পুলিশ জানায়, হামলা ও মারধরের অভিযোগে প্রায় চার মাস আগে উপজেলার বাবুখালি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের প্রান্তিক চাষি শফিকুল ইসলাম প্রতিবেশী আরিফ মোল্লার বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন। ওই মামলার আসামি হিসেবে কিছুদিন আগে আরিফ মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করে। কয়েক দিন জেল খেটে গত মঙ্গলবার আরিফ মোল্লা জামিনে মুক্তি পান।
শফিকুল ইসলাম বলেন, ‘সকাল নয়টার দিকে আরিফ মোল্লা লোকজন নিয়ে আমার এক বিঘা জমির পাট নষ্ট করেছেন। তাঁরা কাঁচি দিয়ে পাটের চারার মাথা কেটে দেন। মামলা করায় তিনি আমাকে গালাগাল করেছেন এবং হুমকি-ধমকি দিচ্ছেন। মামলা তুলে না নিলে আরও ক্ষতি করবেন বলে হুমকি দিচ্ছেন৷’
আরিফ মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি৷ মহম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওলিয়ার রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করেছেন৷ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’