জামিন পেয়ে যাচ্ছেন আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বর্ণ চোরাচালান মামলা তদন্তেও অগ্রগতি নেই
স্বর্ণ চোরাচালান মামলা তদন্তেও অগ্রগতি নেই

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩ কেজি স্বর্ণসহ (১০৪টি বার) দুবাই থেকে আসা যাত্রী মাসুদ রানা আটক হয়েছিলেন গত বছরের ২৪ সেপ্টেম্বর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মামলা হওয়ার এক মাস ২৮ দিনের মাথায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বছর যেমন চোরাচালানের প্রচুর স্বর্ণ আটক হয়েছে, তেমনি এসব ঘটনায় থানায় হওয়া মামলাগুলোর প্রায় সব আসামিই জামিন পেয়েছেন। গত বছরের মার্চ মাস থেকে নভেম্বর পর্যন্ত স্বর্ণ আটকের ঘটনায় অন্তত ২০টি মামলার আসামিরা জামিন পেয়েছেন বলে প্রথম আলোর কাছে তথ্য রয়েছে। এ ছাড়া এসব মামলার তদন্তেও তেমন অগ্রগতি নেই।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার জাকিয়া সুলতানা গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গত বছর বিমানবন্দরে ১০৫টি চালানে আসা ৪১৫ কেজি স্বর্ণ আটক করা হয়। এসব ঘটনায় থানায় ২৯টি মামলা ও ৩৯টি বিভাগীয় মামলা হয়েছে। দুই কেজির ঊর্ধ্বে ৩১টি ঘটনায় ৩৫৮ কেজি স্বর্ণ আটক করা হয়। দুই কেজির নিচে স্বর্ণ উদ্ধারের ঘটনায় জরিমানা করে সেগুলো দাবিদারের কাছে দেওয়ার বিধান রয়েছে। এগুলো সেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে।
বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষের সূত্র জানায়, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া স্বর্ণের ক্ষেত্রে বিভাগীয় মামলা হয়েছে।
আদালত সূত্র জানায়, গত বছরের শেষ ছয় মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের ঘটনার মামলাগুলোর প্রায় সব আসামি জামিনে বেরিয়ে গেছেন। কোনো মামলার একজন আসামি হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ওই মামলার অন্য আসামিরা সেই জামিন আদেশ দেখিয়ে নিম্ন আদালত থেকে জামিন নিচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, এসব মামলায় কয়েকজন আসামির জামিন আদেশের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি জানান, কোন যুক্তিতে জামিনের আদেশ দেওয়া হয়েছে, তা মামলার নথি না দেখে কিছু বলতে পারবেন না।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলেন, স্বর্ণ চোরাচালান মামলার অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিনে আছেন।
যত ঘটনা: পুলিশ, কাস্টমস (শুল্ক) বিভাগ ও আদালত সূত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই হংকং থেকে আসা রাজধানীর মোহাম্মদপুরের জনতা হাউজিংয়ের বাসিন্দা কাইয়ুম মিয়া বিমানবন্দরে ৫২টি স্বর্ণের বারসহ আটক হন। একই দিনে সিঙ্গাপুর থেকে আসা নিউ ইস্কাটন রোডের বাসিন্দা মজিবুর রহমানের কাছ থেকে চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ওই দুই ঘটনায় করা মামলায় কাইয়ুম ১ অক্টোবর ও মজিবুর ১০ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান। ১১ জুন সাত কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ভাটারা থানার বাসিন্দা মোর্শেদ আলম।
২৯ জুলাই দুবাই থেকে আসা ফেনী সদর থানার বাসিন্দা মিজানুর রহমানের কাছ থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। ওই মামলায় তিনি ২৭ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান। ৩০ জুলাই মালয়েশিয়া থেকে আসা নজরুল ইসলামকে তিন কেজি সোনার গহনাসহ আটকের ঘটনায় করা মামলায় তিনিও ১৯ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান।
আট কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় দীপক কুমার, সাড়ে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় মো. হাবিব, সাড়ে ছয় কেজি স্বর্ণের মামলায় দেলোয়ার, এক ও দুই কেজি স্বর্ণ আটকের মামলায় আতিকুল ইসলাম, মনোয়ার, আবদুর রউফ, রব্বানী, মিজানুর রহমান, রাজেশ, আসাদুল্লাহ, কামাল উদ্দিন ও আবুল কাশেম জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর স্বর্ণ চোরাচালানের ঘটনায় হওয়া মামলাগুলোর তদন্তে এখনো তেমন অগ্রগতি নেই। এ রকম বেশির ভাগ মামলাই পুলিশের খাতায় ‘তদন্তাধীন’ থাকে বছরের পর বছর।
১২৪ কেজি স্বর্ণ উদ্ধারের তদন্ত এগোচ্ছে না: গত বছরের ২৪ জুলাই কাঠমান্ডু থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের কার্গো চেম্বারে বিশেষভাবে রাখা ১২৪ কেজি স্বর্ণের চালান ধরা পড়ে। দেশে এ পর্যন্ত ধরা পড়া এটিই সবচেয়ে বড় চালান। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করায় এ ঘটনায় বিভাগীয় মামলা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এত বড় স্বর্ণের চালান আটকের এ ঘটনার তদন্ত এগোচ্ছে না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। শনাক্ত করার তেমন তৎপরতাও নেই। অন্যান্য বিভাগীয় মামলার মতো এ মামলাও হয়তো নিষ্পত্তিহীনই থাকবে।
কাস্টমসের কর্মকর্তারা বলেছেন, তাঁদের সন্দেহ ১২৪ কেজি স্বর্ণের এই চালানের সঙ্গে বিমানের কর্মীরা জড়িত। কারণ, বিমানের কর্মীদের সহায়তা ছাড়া কারও পক্ষে এত বড় চালান কার্গো চেম্বারে রাখা সম্ভব নয়। কিন্তু তদন্ত না এগোনোয় বিষয়টি এখনো অন্ধকারে রয়েছে।
এদিকে ৩১ ডিসেম্বর এক হাজার ৩৪০ ভরি স্বর্ণ চোরাচালানের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা কে এম কামরুল হাসান, উড়োজাহাজের পরিচ্ছন্নতা কর্মকর্তা আবু জাফর, ভারতীয় এক নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। স্বর্ণগুলো বিমানবন্দর থেকে বের হওয়ার পর মগবাজার থেকে উদ্ধার হয়। এ ঘটনায় করা মামলারও তদন্ত চলছে।
শুধু বাহকেরা গ্রেপ্তার: বিমানবন্দরের শুল্ক অধিদপ্তর, পুলিশ ও র‌্যাবের একাধিক কর্মকর্তা জানান, বিভিন্ন স্বর্ণ চোরাচালানের ঘটনা তদন্তে দেখা গেছে, বাহকেরা স্বর্ণসহ ধরা পড়েন। কিন্তু এই চোরাচালানের সঙ্গে বিমানের কিছু কর্মী, সিভিল এভিয়েশনের কর্মী, বিমানবন্দরের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মী এবং অন্য কিছু লোকও বিভিন্ন পর্যায়ে জড়িত থাকেন। এঁরা পর্যায় অনুযায়ী টাকা বা ভাগ পান। দেখা যায়, তদন্ত না এগোনোয় ওই ব্যক্তিরা ধরা পড়েন না, তাঁদের নামও জানা যায় না।
২০১২ সালের ১০ সেপ্টেম্বর সাড়ে ১৩ কেজি সোনা উদ্ধারের ঘটনা তদন্তে সিভিল এভিয়েশনের কয়েকজন নিরাপত্তাকর্মী, বিমানবন্দরে কর্মরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক মাঠ কর্মকর্তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এনএসআইয়ের ওই মাঠ কর্মকর্তা ও এক নিরাপত্তাকর্মী গ্রেপ্তার হলেও বাকিরা গ্রেপ্তার হননি।