জামিন পেয়ে ১৪ কৃষকের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানখেত না মুর্তা বেত? এই বিরোধে সিলেটের কোম্পানীগঞ্জে বন বিভাগের দায়ের করা মামলার আসামি ১৪ কৃষক জামিন পেয়েছেন। বুধবার ওই ১৪ কৃষক সিলেটের বিচারিক হাকিম আদালতে (সপ্তম) হাজির হলে তাঁদের পক্ষের আইনজীবী জামিন প্রার্থনা করেন। আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়ার পরপরই ১৪ কৃষক দুপুরে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিলিত হন। সেখানে তাঁরা মানববন্ধন করে বন বিভাগের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তাঁদের জমিতে ধান চাষ করে জীবিকা নির্বাহের আহ্বান জানান।ওই কৃষকেরা সাংবাদিকদের জানান, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চারটি গ্রামের মানুষ অনাবাদি প্রায় ৪০ হেক্টর জমিতে দীর্ঘদিন ধরে আমন ধানের চাষ করে আসছেন। চলতি বছর আমন ধান রোপণের পরপরই বন বিভাগ ধানি জমিতে মুর্তাবাগান করার প্রকল্প নেয়। কিন্তু কৃষকদের ধান চাষাবাদের কারণে বন বিভাগের মুর্তাবাগান করা হয়নি। বন বিভাগের কোম্পানীগঞ্জের বিট কর্মকর্তা মো. আলমগীর পাঠান বাদী হয়ে ৯ অক্টোবর ১৪ জন কৃষককে আসামি করে মুর্তাবাগানের কথিত মুর্তা কেটে নেওয়ার ঘটনায় মামলা করেন। এ নিয়ে কৃষকেরা সন্ত্রস্ত হয়ে পড়েন।মঙ্গলবার প্রথম আলোয় ধানখেত না মুর্তা বেত? শিরোনামে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হলে ১৪ কৃষক আদালতে হাজির হয়ে জামিন নেন এবং মানববন্ধন করে বাড়ি ফেরেন।