জামিন পেয়েই ফের চুরি, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে কারাগার থেকে বের হয়ে এসে আবার চুরির সঙ্গে জড়িয়ে পড়া চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি করা স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামাল (৩৫), বিপ্লব দাশ (৩৩), নারায়ণ চন্দ্র ধর (৫৪) ও রবি ধর (৩৭)। পুলিশ বলেছে, আগস্ট মাসে একটি চুরির মামলা থেকে জামিন পেয়েই তাঁরা ঈদের ছুটিতে (গত ৩১ আগস্ট ও ২ সেপ্টেম্বর) পরপর দুটি বাড়িতে গ্রিল কেটে চুরি করেন। এই দুই বাড়ি থেকে তাঁরা ৯০ ভরি স্বর্ণালংকারসহ সাড়ে ৭৩ লাখ টাকার মালামাল চুরি করেন।সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আক্তার ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি) মো. মঞ্জুর মোরশেদের নেতৃত্বে পুলিশের একটি উচ্চ পর্যায়ের দল দুই দিন টানা অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ২৯৩ দশমিক ২৪০ গ্রাম গলানো স্বর্ণ, সাড়ে তিন লাখ টাকাসহ বিভিন্ন চোরাই সামগ্রী উদ্ধার করা হয়। এ ছাড়া চুরির কাজে ব্যবহূত স্ক্রু ড্রাইভার, রেঞ্জ ইত্যাদি জব্দ করা হয়।পুলিশ বলেছে, নারায়ণ ও রবি চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত। এই চক্রটি গত মে মাসে মিসম্যাক নামের একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ের গ্রিল কেটে ১৮ লাখ টাকা চুরি করেছিল। পরে ৯ জুন চক্রটির চার সদস্যকে চুরি যাওয়া টাকাসহ গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ জানায়। পরে জামিনে বের হয়ে তাঁরা আবার খুলশী এলাকার দুটি বাড়িতে চুরি করেন। তবে এই দলটির নেতা আলমগীর এখনো পলাতক।সিএমপির কমিশনার মো. আবুল কাশেম বলেন, ‘যে বারবার অপরাধ করে, সে জামিন পাওয়ার অধিকার রাখে কি না, সেটা ভেবে দেখা দরকার।’জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ঈদের দুই দিন পর জাকির হোসেন সড়কের যুক্তরাষ্ট্রপ্রবাসী সামছুল হুদার বাসার গ্রিল ভেঙে চোরেরা ১০ লাখ টাকা, ডায়মন্ড সেট ও স্বর্ণালংকারসহ সাড়ে ৩৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়।এর আগে ৩১ আগস্ট ঈদের দিন খুলশী হিলস আবাসিক এলাকার শেখ রায়হান আহম্মদের বাসার গ্রিল ভেঙে চোরেরা ৩৫ হাজার টাকা, ৮০ ভরি স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, চোরেরা চোরাই স্বর্ণগুলো নারায়ণের মাধ্যমে হাজারী গলির শুভেচ্ছা জুয়েলার্স নামের একটি দোকানে বিক্রি করে। ওই দোকানের মালিক রবি ধর। সেখানে অভিযান চালিয়ে সাড়ে ২৯৩ গ্রাম গলানো স্বর্ণ উদ্ধার করা হয়।