জামিন পেয়েছেন মির্জা ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর কদমতলী থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

আদালত ১৪ সেপ্টেম্বর এই মামলার অভিযোগপত্র আমলে নিয়ে মির্জা ফখরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

আইনজীবী সাজ্জাদ হায়দার প্রথম আলোকে জানান, মির্জা ফখরুল ইসলাম গতকাল সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরে সরাসরি আদালত গিয়ে আত্মসমর্পণ করেন। তিনি জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি মির্জা ফখরুলকে পলাতক দেখিয়ে এই মামলায় ৬১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় কদমতলী থানার পুলিশ। ২০১২ সালের ৯ ডিসেম্বরের অবরোধ কর্মসূচি চলাকালে পোস্তগোলার ঈগল বক্স ফ্যাক্টরির সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ দ্রুত বিচার আইনে এই মামলা করে।