জামিন পেয়েছেন রফিউর রাব্বি
চেক প্রতারণার মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রফিউর রাব্বির আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) শুনানি শেষে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে রাব্বির পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। বাদীপক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম।
জালাল উদ্দিন আহম্মেদ নামে এক ব্যবসায়ী ২০১২ সালে রাব্বির বিরুদ্ধে ৭০ লাখ টাকার চেক জালিয়াতির মামলা করেন। ওই মামলায় ২০১৪ সালে তাঁকে এক বছরের কারাদণ্ড ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।
নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে রাব্বি হাইকোর্টে আপিল করেন। গত ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রাব্বির আপিল খারিজ করেন। এরপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ২৯ মার্চ নারায়ণগঞ্জের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। ওই দিন আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান।
আজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাব্বির লিভ টু আপিলের ওপর শুনানি হয়। তখন তাঁর জামিনের আরজিও জানানো হয়।
খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, শুনানি শেষে চেম্বার আদালত ২০১৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত রাব্বিকে জামিন দেন। ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তাঁর লিভ টু আপিল শুনানির জন্য রাখা হয়েছে।
২০১৩ সালে অপহরণকারীদের হাতে নিহত নারায়ণগঞ্জের স্কুলছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি। ত্বকী হত্যাকাণ্ডের জন্য রাব্বি ক্ষমতাসীন দলের সাংসদ শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের দায়ী করেছেন। তাঁর বিরুদ্ধে চেক প্রতারণা মামলার বাদী জালাল উদ্দিন সম্পর্কে শামীম ওসমানের মামাশ্বশুর।