জামিন বাতিল, আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার পরিবর্তন করে হাইকোর্ট থেকে জামিন নেওয়ায় তা বাতিল করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আসামির নিযুক্ত আইনজীবী ও স্থানীয় জামিনদারসহ ওই আসামিকে নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে জামিনদারেরা এলেও আসামি হাজির হননি।
নাটোরের মুখ্য বিচারিক হাকিমের কার্যালয় সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার রশিদ অটোরাইস মিলের কর্মী সাকিব হত্যা মামলার প্রধান আসামি মো. হানিফকে (২২) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ৮ জুলাই ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। পরবর্তী সময়ে আদালতের নজরে আসে যে, মামলার প্রকৃত এজাহার গোপন করে আসামির নিযুক্ত আইনজীবী ভিন্ন একটি এজাহার দাখিল করেছেন। ওই এজাহারে মো. হানিফের বিরুদ্ধে বর্ণিত গুরুতর অভিযোগ পরিবর্তন করে সাধারণ অভিযোগ উল্লেখ করা হয়েছে। আদালত জালিয়াতির বিষয়ে নিশ্চিত হওয়ার পর ২৯ জুলাই জামিন বাতিল করেন ও আসামিকে ৫ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। তবে আসামি আত্মসমর্পণ না করায় উচ্চ আদালত নাটোরের মুখ্য বিচারিক হাকিমকে আসামির গ্রেপ্তার নিশ্চিত করতে আসামির জামিনদারদের (নিযুক্ত আইনজীবী ও স্থানীয় জামিনদার) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। সে অনুযায়ী নাটোরের মুখ্য বিচারিক হাকিম গতকাল সকালে আসামি হানিফসহ দুই জামিনদারকে আদালতে হাজির হতে বলেন। গতকাল আসামির বাবা ও স্থানীয় জামিনদার নজরুল ইসলাম এবং আইনজীবী আবদুল জলিল আদালতে হাজির হয়ে হানিফকে হাজির করার জন্য ১৫ দিনের সময় চান। আদালত ১৮ আগস্ট পর্যন্ত সময় দেন।
নজরুল ইসলাম বলেন, উচ্চ আদালতে যাওয়া-আসা আছে এমন একজন ব্যক্তির মাধ্যমে হাইকোর্টে আইনজীবী নিযুক্ত করে হানিফের জামিন নিয়েছেন। এ ক্ষেত্রে কাগজপত্র জালিয়াতি করা হয়েছে কি না, তা তিনি জানেন না।
আসামিপক্ষের আইনজীবী আবদুল জলিল বলেন, ‘আমি প্রকৃত এজাহারের নকল নজরুল ইসলামের কাছে সরবরাহ করেছি। তিনি ওই এজাহার কী করেছেন তা আমার জানা নাই।’