জামিন বাতিল করে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামি সুলতান শওকত ওরফে ভ্রমরের জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ত্বকী হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু গত রোববার সাংবাদিকদের বলেন, জেলার শ্রেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালত গত বৃহস্পতিবার এই আদেশ দেন। কিন্তু আইনজীবীরা বিষয়টি জানতে পেরেছেন রোববার দুপুরে। তিনি বলেন, হাইকোর্ট দেওয়া জামিনের অপব্যবহার করায় আদালত জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২০১৩ সালের ১১ নভেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা থেকে সুলতানকে আটক করে। পরের দিন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে দেওয়া জবানবন্দিতে সুলতান বলেন, ২০১৩ সালের ৬ মার্চ রাতে শহরের কলেজ রোডে আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে খুন করা হয়। পরে লাশ বস্তাবন্দী করে আজমেরী ওসমানের গাড়িতে তুলে চারারগোপে নিয়ে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।
২০১৪ সালের ১৩ মার্চ হাইকোর্ট সুলতানের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। জামিনের পর সুলতান আত্মগোপন করেন। এরপর থেকে তিনি পলাতক।
ত্বকীর লাশ উদ্ধার করা হয় ২০১৩ সালের ৮ মার্চ। তার বাবা রফিউর রাব্বি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। ১৮ মার্চ জেলা পুলিশ সুপারের কাছে একটি অবগতিপত্রে ছেলে হত্যার জন্য শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমানসহ মোট আটজনকে অভিযুক্ত করেন তিনি। ওই বছরের ৭ আগস্ট র্যাব শহরের কলেজ রোডে ‘টর্চার সেল’ হিসেবে পরিচিত আজমেরী ওসমানের অফিসে অভিযান চালিয়ে রক্তমাখা জিনস প্যান্ট, গজারির লাঠি ও নাইলনের রশি উদ্ধার করেন। দেয়ালে ও শোকেসে অসংখ্য গুলির আলামত পাওয়া যায়।
এই মামলায় বর্তমানে কারাগারে সালেহ রহমান ওরফে সীমান্ত ও লিটন নামের দুই আসামি কারাগারে আছেন। মূল আসামি ও শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানকে এখনো গ্রেপ্তার করা হয়নি।