জামিন বাতিল শুনে কাঠগড়া থেকে চার আসামি পালালেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হত্যাকাণ্ড
জুবায়ের হত্যাকাণ্ড

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার চারজন আসামি আদালতের কাঠগড়া থেকে পালিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ গতকাল রোববার তাঁদের জামিন বাতিল করার পরপরই তাঁরা পালিয়ে যান।
পলাতক আসামিরা হলেন: আশিকুর রহমান, খান মোহাম্মদ ওরফে রইস, মাহবুব আকরাম ও ইশতিয়াক। তাঁরাসহ এ মামলার অভিযোগপত্রভুক্ত ১৩ আসামিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী। এই চারজনের পালানোর ঘটনায় কোতোয়ালি থানায় মামলা এবং এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জুবায়ের হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ এবং এই চারজনসহ ছয় আসামির জামিন বাতিলের বিষয়ে আদেশের জন্য গতকাল ছিল ধার্য দিন। বিচারক এ বি এম নিজামুল হক ওই ছয়জনের জামিন বাতিলের আদেশ দেওয়ার পর আদালতের কাঠগড়ায় থাকা ওই চার আসামি পালান। ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় সিঁড়ির পাশে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর এজলাস। তাঁরা কাঠগড়া থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে দৌঁড়ে পালান।
এ মামলার ১৩ আসামিই জামিনে ছিলেন এবং তাঁদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ এনে জামিন বাতিলের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।
পুলিশের অপরাধ ও তথ্য প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিদের জামিন বাতিল করে এবং পুলিশ হেফাজতে দেওয়া হতে পারে, তা পুলিশ কর্তৃপক্ষকে আগে জানানো হয়নি। আদালত আসামিদের জামিন বাতিল করে পুলিশের হেফাজতে বুঝিয়ে দেননি। আসামিদের পালিয়ে যাওয়ার ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
জামিন বাতিল হওয়া অপর দুই আসামি হলেন রাশেদুল ইসলাম ও জাহেদুল খান। গতকাল তাঁদের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা নাকচ করে এ দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অপর সাত আসামির জামিন বহাল রয়েছে। এই ১৩ আসামির সবাইকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জামিন বাতিলের আদেশের পরপরই ওই চারজন কাঠগড়া থেকে পালিয়ে যান। এ সময় আদালতে নিরাপত্তার দায়িত্বে পুলিশ ছিল না। তিনি বলেন, আদালত প্রথমে জামিন বাতিলের বিষয়ে আদেশ না দিয়ে আসন থেকে নেমে যান। প্রায় ২৫ মিনিট পর বিচারক আবার আসন গ্রহণ করে জামিন বাতিলের বিষয়ে আদেশ দেন। আদালতে উপস্থিত ব্যক্তিরা কিছু বুঝে ওঠার আগেই ওই চারজন পালিয়ে যান। সাধারণত এ ধরনের আদেশের আগে আদালত আসামি এবং পুলিশ আছে কি না, তা জানতে চান। কিন্তু এই আদেশের ক্ষেত্রে তা করা হয়নি।
পালিয়ে যাওয়া আসামি রইস ও মাহবুবের আইনজীবী শাহিনুল ইসলাম বলেন, আসামি পালিয়ে যাওয়া দুঃখজনক। ওই দুজনকে আদালতে হাজির করার চেষ্টা চলছে। ইতিমধ্যে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
আদালত সূত্র জানায়, গত ১৯ জানুয়ারি সাক্ষীকে হুমকি দেওয়ার অভিযোগে এই ছয় আসামির বিরুদ্ধে কোতোয়ালি থানায় জিডি করা হয়। পুলিশ এ বিষয়ে সত্যতা পায়। ৬ ফেব্রুয়ারি ওই ছয় আসামির জামিন কেন বাতিল করা হবে না, আদালত তার কারণ দর্শাতে বলেন। আসামিপক্ষ জবাব দেয়। ১৮ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য দিন ধার্য থাকলেও সেদিন আদালত আদেশের জন্য গতকাল দিন ধার্য করেন।
২০১২ সালের ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করা হয়। তিনি পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান আশুলিয়া থানায় এই মামলা করেন। পুলিশ গত বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন।