জামিন বাতিল শুনে পালানোর চেষ্টায় দোতলা থেকে লাফ
জামিন বাতিলের আদেশ শুনেই একটি হত্যা মামলার আসামি এ কে এম নাহিদ বক্স পাঁচতলার আদালতকক্ষ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি দোতলা থেকে লাফিয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত তিনি পালাতে পারেননি। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকার জজ আদালত ভবনে ঘটে এ ঘটনা।
নাহিদ লাফ দিয়ে পড়েছিলেন জমিসংক্রান্ত মামলায় আদালতে আসা সেকেন্দার আলীর (৫০) ওপর। এতে নাহিদ সামান্য আহত হলেও সেকান্দার মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত পেয়েছেন।
আদালত সূত্র জানায়, নাহিদ ইডেন কলেজের ছাত্রী পলি রানী হত্যা মামলার প্রধান আসামি। ২০০৯ সালের ১৫ মার্চ পলি রানীকে হত্যার অভিযোগে লালবাগ থানায় মামলাটি হয়। নাহিদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।
আদালত সূত্র জানায়, গতকাল পলি হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচারাধীন। ওই মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়। নাহিদের নিয়োজিত আইনজীবী বোরহান উদ্দিন বার কাউন্সিলের নির্বাচনে ব্যস্ত থাকায় সাক্ষীকে জেরার জন্য সময়ের আবেদন করা হয়। আদালত তা নাকচ করে আসামির জামিন বাতিলের আদেশ দেন। এরপরই নাহিদ পালানোর চেষ্টা করেন। তিনি পাঁচতলা থেকে দোতলা পর্যন্ত দৌড়ে নামেন। পিছু ধাওয়া করা পুলিশের হাতে ধরা পড়ার উপক্রম হলে তিনি দোতলা থেকে লাফ দেন। গিয়ে পড়েন সেকান্দার আলীর ওপর। এতে দুজনই আহত হন।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে প্রসিকিউশনের দায়িত্বে থাকা পুলিশের সহকারী কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আহত আসামি নাহিদ বক্সকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর আদালতের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।