অবৈধভাবে অর্থ লেনদেনের মামলায় ডেসটিনির পাঁচ কর্মকর্তার জামিন বাতিলের আদেশ স্থগিত করে আবার ২০ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক শুনানি শেষে এই তারিখ নির্ধারণ করেন। গত ৬ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ পাঁচজনকে জামিন দেন। ওই আদেশ বাতিল চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান জামিন আদেশ বাতিলের আদেশ দেন। আইনজীবী ওমর ফারুক ওই আদেশ স্থগিত করে তা আবার (রিভিউ) শুনানির আবেদন করেন। ৬ আগস্ট জামিন পেয়েছিলেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, উপব্যবস্থাপনা পরিচালক গোফরানুল হক ও পরিচালক সাঈদ-উর-রহমান।