জামিন মঞ্জুর হলো চাঁদপুরের মনিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি থেকে গত ২৫ মে গ্রেপ্তার হওয়া মনির পাটোয়ারির (৩৫) জামিন গতকাল বৃহস্পতিবার মঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত। একই সঙ্গে আদালত শাহরাস্তি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে ১৫ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। গতকাল মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, মনিরকে গ্রেপ্তার করেন শাহরাস্তি থানার তৎকালীন এএসআই মোবারক হোসেন। পরে তাঁকে চট্টগ্রামের পাঁচলাইশ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।সূত্র জানায়, গতকাল ওই মামলা শুনানির জন্য মহানগর হাকিম আদালতে আসে। আদালত নথিপত্র পর্যালোচনা করে মনিরের গ্রেপ্তারের কোনো কারণ খুঁজে পাননি। তাই আদালত শাহরাস্তি থানার তৎকালীন ওসি (নামোল্লেখ নেই) ও এএসআই মোবারক হোসেনের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে সশরীরে হাজির হয়ে তাঁদের কারণ দর্শানোর নির্দেশ দেন।মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আদেশে বলেন, ‘...অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মনির পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রতীয়মান হয়, যা নৈরাশ্যজনক বলে মনে হচ্ছে।’ আদালত মনিরের জামিন মঞ্জুর করেন।মহানগর হাকিম প্রথম আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল হাশেম প্রথম আলোকে বলেন, মনির পাটোয়ারিকে পাঁচলাইশ থানার যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়, তার অস্তিত্ব থানার রেজিস্টারে নেই। অথচ কথিত মামলায় থানার রেজিস্টারে তাঁর গ্রেপ্তারি পরোয়ানা নম্বর ১৮০/২০১০ উল্লেখ করা হয়। অনুরূপ আরেকটি গ্রেপ্তারি পরোয়ানার চিঠি আদালতে দাখিল করা হয়, যার নম্বর ১৮০/২০০৯। গ্রেপ্তারি পরোয়ানা-সংক্রান্ত এই দুটি নম্বর আসলে ভুয়া। বিনা দোষেই সাড়ে ছয় মাস হাজতবাস করেছেন মনির। তাই আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।