চট্টগ্রাম বন্দরে তেলের সঙ্গে তরল কোকেন আনার মামলায় আমদানিকারক প্রতিষ্ঠানের চেয়ারম্যান নূর মোহাম্মদের জামিন স্থগিত রেখে হাইকোর্টে রুল শুনানির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। চার সপ্তাহের মধ্যে এই রুল শুনানি করার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম ও রমজান আলী শিকদার।
গত বছরের ৭ জুন চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। বলিভিয়া থেকে মেসার্স খান জাহান আলী লিমিটেডের নামে আমদানি করা তেলবাহী কনটেইনারটি জাহাজে তোলা হয় উরুগুয়ের মন্টেভিডিও থেকে। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে গত বছরের ১২ মে এটি চট্টগ্রামে পৌঁছায়। কনটেইনারের ১০৭টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে তরল কোকেন পাওয়া যায়। পরে আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফাকে আসামি করে মামলা করে পুলিশ।