জামিনপ্রাপ্ত কয়েদির খোঁজ মিলছে না, মা পাগলপ্রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ কারাগার থেকে অসুস্থ অবস্থায় রাজশাহী কারাগারে স্থানান্তরের পর থেকে এক কয়েদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আদালত থেকে জামিন হওয়ার পর ছেলের হদিস না পেয়ে তাকে উদ্ধারের জন্য সিরাজগঞ্জ র্যাব কার্যালয়ে লিখিত আবেদন করেছেন মা ভানু বেওয়া (৫০)। প্রায় দেড় মাস ধরে ছেলের খোঁজ না পেয়ে ভানু এখন পাগলপ্রায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার খলিসাকুড়া গ্রামের রহম আলী (২৫) বখাটেদের খপ্পরে পড়ে উচ্ছৃঙ্খল হওয়ায় ২০০৮ সালের ১১ মার্চ এলাকাবাসীর সহযোগিতায় তাকে পুলিশে দেওয়া হয়। সিরাজগঞ্জের সদর থানার পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। ২০০৯ সালের ১৭ নভেম্বর সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রহম আলীকে দুই বছরের কারাদণ্ড দেন। সিরাজগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় মা ভানু বেওয়া রহম আলীর জামিনের আবেদন করলে একই আদালত গত বছরের ২১ ডিসেম্বর জামিন মঞ্জুর করেন। জামিনের পর কারাগারে ছেলেকে আনতে গেলে তাকে আর পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষের পরামর্শমতে, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে খোঁজ করেও ছেলের কোনো খোঁজ পাননি ভানু বেওয়া।সিরাজগঞ্জ জেলা কারাগারের কারারক্ষক আবুল বাসার জানান, রহম আলী অসুস্থ হওয়ার পর তাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ও পরে রাজশাহীতে পাঠানো হয়। এর পরের বিষয়টি রাজশাহী কারা কর্তৃপক্ষ জানে। রাজশাহীর কারারক্ষক ফারুক আহমেদ জানান, অসুস্থ অবস্থায় গত ২১ ডিসেম্বর রাজশাহী কারাগারে আনার পর রহম আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। গত ২৩ ডিসেম্বর রহম আলীর জামিনের কাগজপত্র পাওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে একটি পত্রসহ জামিনের সব কাগজপত্র বুঝিয়ে দিয়ে সুস্থ হওয়ার পর তাকে ছেড়ে দিতে বলা হয়। এরপর রহম আলীর কী হয়েছে তা তিনি জানেন না। এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) দায়েম উদ্দীন জানান, বিষয়টি বেশ আগের। নথিপত্র না দেখা পর্যন্ত কিছু বলা কঠিন। পরে জানানো যাবে। প্রিজন সেলের দ্বায়িত্বে থাকা কারারক্ষী শেখ মুরাদ জানান, রহম আলী নার্সের কাছে বন্ডসই দিয়ে ২৩ ডিসেম্বর বাড়ির কথা বলে হাসপাতাল ছেড়েছেন।ভানু বেওয়া অভিযোগ করেন, ‘আমার ছেলেকে কারাগারের লোকরা পাচার করে দিয়েছে। জামিন হওয়ার পর কেন আমার ছেলেকে আমার কাছে দেওয়া হয়নি। আমি আমার ছেলেকে আমার কাছে দেওয়ার জন্য আপনাগো কাছে দাবি করছি।’