জামিনাদেশের জালিয়াতি রোধে অধস্তন আদালতকে সত্যতা যাচাইয়ের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের জামিনাদেশের সত্যতা যাচাই ছাড়া আসামিকে না ছাড়তে অধস্তন আদালতগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিন আদেশের সত্যতা সম্পর্কে সংশ্লিষ্ট আদালতে ফ্যাক্সযোগে নিশ্চিত করা হবে। যেসব আদালতে ফ্যাক্স নেই, সে ক্ষেত্রে টেলিফোনে জামিনাদেশের সত্যতা যাচাই করতে হবে। এভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধস্তন আদালত বা জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তর কোনো আসামিকে জামিনে মুক্ত করতে পারবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছুদিন ধরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নামে জাল জামিনাদেশ তৈরি করে অধস্তন আদালত থেকে আসামিদের জামিনে মুক্ত করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এই প্রবণতা রোধে জামিনাদেশের অনুলিপি পাওয়ার পর হাইকোর্টের ফৌজদারি শাখার সহকারী রেজিস্ট্রার (৯৫৬২৯৪১-২, ৯৫৬২৯৪৪, ৯৫৬৭৩০৪ এক্সটেনশন ২৩২০, মোবাইল-০১৭১৪২৬৩৩২৬) বা ডেপুটি রেজিস্ট্রার (৭১৭১৪৮১, ০১৭১৫০৫৮২৬৮) নম্বরে যোগাযোগ করে জানাতে অধস্তন আদালতকে নির্দেশনা দেওয়া হয়।