ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া জসিম ২৪ ঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পাওয়ায় শিক্ষার্থীরা গতকাল রোববার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।গত বুধবার রাতে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, শিক্ষার্থী, কর্মচারী, পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়।জানা যায়, হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাপ্রধান মহিউদ্দিন হাওলাদারের করা মামলার আসামি মো. জসিম উদ্দিন (৩০) গত শনিবার বিকেলে গ্রেপ্তার হন। কিন্তু গতকাল বিকেলে তিনি জামিনে মুক্তি পান। জসিমের মুক্তির খবরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। সন্ধ্যা ছয়টার দিকে শিক্ষার্থীরা জসিমকে পুনরায় গ্রেপ্তারসহ মামলার অপর আসামিদের গ্রেপ্তারের দাবিতে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী মাসুম, ইমন, শুভ, বেলাল, রিপন, বিপ্লব, এমদাদ, অভিজিত্, বাবু, রত্না, ফরিদ প্রমুখ। বক্তারা আজ (সোমবার) দুপুর ১২টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। এই সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা না হলে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ করে ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।এ ঘটনার জের ধরে গতকাল ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একটি বাস আটক করে অজ্ঞাতনামা কয়েকজন। পুলিশি সহায়তায় পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসটি উদ্ধার করে ক্যাম্পাসে নিয়ে যায়।ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, গতকাল ময়মনসিংহ জেলা আদালত থেকে জসিমকে জামিনে মুক্তি দেওয়া হয়।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী বলেন, আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ শামছুদ্দিন গতকাল রাতে বলেন, প্রশাসন শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছে।