জামিনে এসে আগুনে পোড়াল বাদীর ঘর, প্রাণনাশের হুমকি
হত্যা মামলায় জামিনে ছাড়া পেয়ে আগুনে পুড়িয়ে দিয়েছেন বাদীর ঘর। হুমকি দিচ্ছেন প্রাণনাশেরও। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মধ্যম সরফভাটা গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।মামলার বাদী সেলিম জানান, জমিসংক্রান্ত বিরোধের কারণে বিবাদী শামসুল আলম সহযোগী নিয়ে ২০১২ সালের ৩০ মে লাঠি দিয়ে পিটিয়ে তাঁর ছোট ভাই নাসিরকে (৪৫) হত্যা করেন। এই মামলায় পুলিশ শামসুল আলমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শামসুল আলম জামিনে বেরিয়ে আসেন। এর পর থেকে তাঁকে প্রাণনাশের হুমকি দেন।সেলিম বলেন, ‘গত শনিবার গভীর রাতে চিৎকার শুনে জেগে উঠে দেখি, আমার বসতঘর পুড়ে যাচ্ছে। দরজা ভেঙে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে। শেষে কাপ্তাই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। ততক্ষণে আমার ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে থানায় এজাহার করেছি।’এলাকাবাসী জানান, শামসুল আলম জামিনে বেরিয়ে আসার পর কখনো এলাকায় আসেননি। কিন্তু ঘর পুড়ে যাওয়ার সময় তাঁকে দাঁড়ানো দেখা যায়। সেলিম আগুন দেওয়ার জন্য দায়ী করলে শামসুল আলম আস্ফাালন দেখিয়ে বলেন, ‘এরপর প্রাণে মারব।’মুঠোফোনে যোগাযোগ করা হলে সামশুল আলম বলেন, ‘জামিনে ছাড়া পেয়ে ঘরে আসার খবর শুনে সেলিম আমার ঘরে আগুন দেয়। এতে ঘরটি পুড়ে যায়।’ এ ব্যাপারে তিনিও থানায় এজাহার করেছেন। সরফভাটা ইউপি চেয়ারম্যান মজিবুল ইসলাম বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। অগ্নিকাণ্ডে উভয় পক্ষের ঘর পুড়ে গেছে। তাদের এক পক্ষ আগুন দিয়েছে, এটাই সত্য। রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন দাশ বলেন, দুই পক্ষই আগুন লাগানোর ব্যাপারে থানায় এজাহার করেছে। ঘটনাটির তদন্ত চলছে।