জামিনে এসে হত্যা মামলার আসামিরা সাক্ষীদের কুপিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি হত্যা মামলার আসামিরা জামিনে এসে গত মঙ্গলবার দুজন সাক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম ও মৃত মিয়া হোসেনের ছেলে শুক্কুর আলী।

আহত সাইফুল জানান, ওই দিন রাত ১০টার দিকে উপজেলার রসুলপুর ছিলার বাজার থেকে টেলিভিশন দেখে শুক্কুর আলীকে নিয়ে তিনি বাড়িতে ফিরছিলেন। পথে রসুলপুর গ্রামের আসাদুল্লাহ হত্যা মামলার আসামি মো. শামছু মিয়া, জাহের উদ্দিন, মতিউর রহমান, দানিছ মিয়াসহ আরও কয়েকজন তাঁদের গতিরোধ করেন। ভয়ে তাঁরা দৌড় দিলে হামলাকারীরা পেছন থেকে ধাওয়া করে দা, কিরিচ দিয়ে তাঁদের কুপিয়ে মাটিতে ফেলে দেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ সময় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শুক্কুর আলীর অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আসাদুল্লাহ হত্যা মামলার বাদী আ. লতিফ জানান, ২০১২ সালের ২৮ অক্টোবর তাঁর ছেলেকে (আসাদুল্লাহ) কুপিয়ে হত্যা করেন ওই হামলাকারীরা। এ ঘটনায় তিনি নান্দাইল মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় সাইফুল ও শুক্কুর আলী সাক্ষী। ওই আসামিরা ঈদের কিছুদিন আগে জামিনে বেরিয়ে আসেন। পরে তাঁরা সাইফুল ও শুক্কুরের ওপর গত মঙ্গলবার হামলা চালান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, আসামিদের জামিন বাতিলের জন্য আদালতে আবেদন করা হবে।