জামিনে কারাগার থেকে মুক্তি পেলেন ক্রিকেটার রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় গতকাল রোববার জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস দুপুরে রুবেলকে জামিনে মুক্তির আদেশ দেন। বিকেলে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
রুবেল আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে রয়েছেন। গতকাল তাঁর পক্ষে জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়। তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, মামলার বাদিনী অন্যায়ভাবে লাভবান হতে না পেরে মামলাটি করেছেন। আরজিতে বলা হয়েছে, রুবেল বাদিনীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেছেন। বাদিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে মেডিকেল পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষায় জোর করে যৌন হয়রানি বা ধর্ষণ করা হয়েছে—এ ধরনের আলামত পাওয়া যায়নি। এ ছাড়া রুবেলকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করেন বাদিনী। উচ্চ আদালত তা খারিজ করেন। বাদিনীর এসব অভিযোগ পর্যালোচনা করলে সহজেই বোঝা যায়, তিনি অসৎ উদ্দেশ্যে এ মামলা করেছেন। তাই রুবেল জামিন পেতে পারেন।
রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন। পরে বিকেলে কারাগার থেকে মুক্তি পান এই ক্রিকেটার। রুবেলের পক্ষে শুনানি করেন আইনজীবী মনিরুজ্জামান।
অভিনেত্রী ও মডেল নাজনীন আকতার হ্যাপী গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মিরপুর থানায় এই মামলা করেন। রুবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৫ ডিসেম্বর হাইকোর্ট তাঁকে চার সপ্তাহের আগাম জামিন দেন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগে ৮ জানুয়ারি তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।