জামিনে ছাড়া পেলেন বিএনপি নেতা মিনু
বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু সব কটি মামলায় জামিন পেয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর পাহারায় থাকা পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে।
মিজানুর রহমান মিনুর নামে নাশকতার সাতটি মামলা ছিল। একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর গত ১৩ জুলাই তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
৯ সেপ্টেম্বর দাঁতের চিকিৎসার জন্য তাঁকে রাজশাহীর সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা চলাকালে তিনি অসুস্থবোধ করলে তাঁকে দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন।
গতকাল রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম জানান, ১৩ জুলাইয়ের পর বিভিন্ন তারিখে তাঁর ছয়টি মামলায় জামিন হয়েছিল। বাকি একটি মামলায় গতকাল তিনি জামিন পান।