জামিনে ছাড়া পেলেন সাংসদ মন্জুরুল
২৪ দিন কারাবাসের পর গতকাল রোববার জামিনে ছাড়া পেয়েছেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদ মন্জুরুল ইসলাম (লিটন)। শিশু শাহাদাত হোসেন ওরফে সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় গতকাল তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত।
শাহাদাতকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় তিন দফায় জামিন আবেদন নাকচ হওয়ার পর ৫ নভেম্বর চতুর্থ দফায় আবেদন করেন সাংসদ মন্জুরুলের আইনজীবী। ওই আবেদনের শুনানির দিন ছিল গতকাল। এর আগে ৪ নভেম্বর বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় মন্জুরুলের জামিন মঞ্জুর করেন আদালত।
গতকাল সরকারপক্ষে আদালতের কোর্ট পরিদর্শক আবদুল মজিদ জামিনের বিরোধিতা করেন। তবে সাংসদের আইনজীবী আদালতকে বলেন, এখন সংসদ অধিবেশন চলছে। সাংসদ মন্জুরুল ইসলামের অধিবেশনে উপস্থিত থাকা জরুরি।
ফুল দিয়ে বরণ: আদালত থেকে জামিনের কাগজপত্র পৌঁছার পর দুপুর সোয়া ১২টার দিকে সাংসদ মন্জুরুল ইসলাম কারাগার থেকে বের হন। এ সময় জেলা কারাগারের প্রধান ফটকে ফুলের মালা দিয়ে তাঁকে বরণ করেন দলীয় নেতা-কর্মীরা। সেখান থেকে সাংসদের গাড়িবহর সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামের বাড়ির দিকে রওনা দেয়।
শাহাদাতের পরিবারের প্রতিক্রিয়া: প্রথম আলোর প্রতিবেদকের কাছে সাংসদের জামিনের কথা শুনে শিশু শাহাদাত কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, সাংসদের জেল থেকে বের হওয়ার কথা শুনে তার ভয় লাগছে। সে বলে, ‘এমপি আর যেন এ রকম না করেন। ওনার যেন বিচার হয়।’