সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আবু নাছের ওরফে গুন্নু জামিনে মুক্তি পেয়েছেন। তাঁকে হাইকোর্ট জামিন দেন। জামিন আদেশ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পৌঁছার পর যাচাই-বাছাই শেষে গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে মুক্তি দেওয়া হয়।
গত ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় মাহমুদা খানমকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। মাহমুদা হত্যায় জড়িত সন্দেহে গত ৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর একটি মাজারের খাদেম আবু নছরকে প্রথমে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিন্তু হত্যাকাণ্ডের বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য পাওয়া যায়নি বলে একপর্যায়ে স্বীকার করে পুলিশ।
গ্রেপ্তারের পর আবু নছরের স্ত্রী পারভীন আক্তার সংবাদ সম্মেলন করে দাবি করেন, ৩০ লাখ টাকা নিয়ে পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে তাঁর স্বামীকে এই মামলায় জড়িয়েছে। পরে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ১১ জুন শাহজামান ওরফে রবিন নামের আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
মাহমুদা হত্যার ২১ দিন পর গত ২৬ জুন গ্রেপ্তার করা হয় ওয়াসিম ও আনোয়ারকে। ওই দিন সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার সংবাদ সম্মেলন করে বলেন, মুছার নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটে। এতে ওয়াসিম, আনোয়ারসহ সাত-আটজন অংশ নেন। এর আগে গ্রেপ্তার হওয়া আবু নছর ও রবিন এই হত্যাকাণ্ডে জড়িত এমন তথ্য পাওয়া যায়নি।
জেলার মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার হাইকোর্ট থেকে আবু নছরের জামিনের আদেশ তাঁরা হাতে পান। সবকিছু যাচাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়।