জামিনে ছাড়া পেলেন হুজি-বির আরেক সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে ছাড়া পেয়েছেন হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজি-বি) আরেক সদস্য আবদুল্লাহ আল আমিন। আজ মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। এর আগে গত শুক্রবারও মাহফুজুর রহমান নামের এক সদস্য জামিনে মুক্তি পেয়েছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মো. জাহেদুল আলম ‘প্রথম আলো’কে বলেন, রাউজান থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই মামলায় হুজি-বির সদস্য আবদুল্লাহ আল আমিনের জামিননামা গতকাল সোমবার সন্ধ্যায় কারাগারে আসে। জামিননামা যাচাইবাছাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গোদারপাড় এলাকায় পাহাড়ে অভিযান চালিয়ে মাহফুজুর রহমানসহ ছয়জনকে আটক করা হয়। এ সময় উসকানিমূলক বই, গন্ধক, বারুদ, তারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৭-এর তৎকালীন উপসহকারী পরিচালক আইয়ুব আলী বাদী হয়ে রাউজান থানায় দুটি মামলা করেন। তদন্ত শেষে র‌্যাব দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। বর্তমানে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ চলছে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।