জামিনে ছাড়া পেয়ে ক্ষতিপূরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তির ২৩ দিন পর কোকেন মামলার আসামি ব্যবসায়ী নূর মোহাম্মদ ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। আর্থিক ক্ষতি ও সামাজিক সুনামহানির অভিযোগ এনে তিনজন ব্যক্তি ও সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মামলা করেন তিনি। ওই তিন ব্যক্তি তাঁর সঙ্গে কোকেন মামলারও আসামি।

গত বুধবার তৃতীয় যুগ্ম চট্টগ্রাম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে নূর মোহাম্মদের পক্ষে মামলাটি করেন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব। আদালত আগামী ৮ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন।

২০১৫ সালের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২৭ জুন তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে আসামি করা হয়। ছয় মাস পর ২০১৬ সালের ১৫ জানুয়ারি নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে র‍্যাব। চলতি বছরের ১১ জুলাই তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।

২০১৫ সালের নভেম্বর মাসে নূর মোহাম্মদকে বাদ দিয়ে আটজনের বিরুদ্ধে মাদক আইনে প্রথমে আদালতে অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এটি গ্রহণ না করে র‍্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। পরে র‍্যাব চলতি বছরের ৩ এপ্রিল নূর মোহাম্মদসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয়।

বলিভিয়া থেকে আমদানি করা চালানটি প্রথমে স্থলপথে উরুগুয়ের মন্টেভিডিও বন্দরে আনা হয়। সেখান থেকে নৌপথে চালানটি সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে আসে। কসকো শিপিং লাইনসের কনটেইনারে করে তেলের চালানটি আনা হয়।

নূর মোহাম্মদের করা মামলার বিবাদীরা হলেন খানজাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা, লন্ডনপ্রবাসী চাঁদপুরের ফরিদগঞ্জের ফজলুর রহমান ও মৌলভীবাজারের বকুল মিয়া। এই তিনজনের মধ্যে গোলাম মোস্তফা কারাগারে রয়েছেন। ফজলু ও বকুল পলাতক। এ ছাড়া বলিভিয়ার রপ্তানিকারক প্রতিষ্ঠান ইমপোর্ট-এক্সপোর্ট এলভিন এসআরএল ক্যালি, চীনের কসকো কনটেইনারস লাইনস লিমিটেড (কনটেইনার প্রতিষ্ঠান), উরুগুয়ের সাউথ ফ্রেইট লজিস্টিকস ও কার্বলস কোরা ম্যানেসট্রিনা কন (পণ্য পরিবহনে নিয়োজিত প্রতিষ্ঠান), কসকো বাংলাদেশ শিপিং লাইনস (কনটেইনারের মালিকপক্ষের প্রতিনিধি), এমভি থ্রোট্রিম (চালানটি নিয়ে আসা জাহাজ) এবং পিল বাংলাদেশ লিমিটেড (চালানটি নিয়ে আসা জাহাজের স্থানীয় প্রতিনিধি)।

বাদীর আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল বলেন, চালানটি আটকের পর নূর মোহাম্মদ কাস্টমসকে বলেছিলেন, এর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। শুধু তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হয়েছে।

ক্ষতিপূরণ মামলার বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, সাধারণত কোনো মামলায় আসামি নির্দোষ প্রমাণিত হলে ক্ষতিপূরণ কিংবা মানহানির জন্য মামলা করে থাকেন। তবে বিচার শেষ হওয়ার আগেও কেউ ক্ষতিপূরণের মামলা করতে পারেন।