চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ছাত্রলীগের নেতা রাশেদ মিয়া হত্যা মামলার কয়েকজন আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীর পরিবার।বাদী জাসেদ মিয়া জানান, রাশেদ মিয়ার হত্যা মামলায় ১৬ জনের নামসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়। এর মধ্যে সাতজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের তিনজন জামিনে বেরিয়ে আসে। এ ছাড়া মামলার প্রধান আসামিরা আত্মগোপনে রয়েছে, যারা এখন পরিবারের সবাইকে হত্যার হুমকি দিচ্ছে।পুলিশ জানায়, ২০১২ সালের ১১ আগস্ট রাতে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের সংঘর্ষে ইসলামপুর ইউনিয়নের পেয়ার মোহামঞ্চদ চৌধুরী বাড়ির আবদুল মান্নানের ছেলে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতা রাশেদ মিয়াকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় পুলিশের ওপরও হামলা চালায় প্রতিপক্ষ। ঘটনায় রাঙ্গুনিয়া থানায় দুটি পৃথক মামলা করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা চন্দন চক্রবর্তী জানান, মামলার অন্যতম আসামিরা পালিয়ে বেড়াচ্ছে। সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি অন্যতম আসামি মো. নাসিরকে (২৬) ইসলামপুর ইউনিয়নের আল-আমিনপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মনজুর মোর্শেদ বলেন, মামলার সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিন্তু জেল থেকে জামিনে বেরিয়ে এসে রাশেদ মিয়ার ছোট ভাই বাদী জাসেদ মিয়াসহ সপরিবারকে হত্যার হুমকি দেওয়ায় উৎকণ্ঠায় দিন যাপন করছেন তাঁরা।জাসেদ মিয়া অভিযোগ করেন, আসামিরা দিনের বেলায় গা-ঢাকা দিয়ে চলাফেরা করলেও রাতে নিজ ঘরে ঘুমায়। নাসিরকেও ঘরে পেয়ে প্রতিবেশীরা ঘেরাও করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মূল আসামিরা গ্রেপ্তার হলে হত্যার হুমকি দেওয়ার সাহস পেত না বলে জানান তিনি।