জামিনে ছাড়া পেয়ে বাদীর দোকানে হামলা, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাট ফুলবাড়িতে জামিনে ছাড়া পেয়ে মামলার আসামিরা বাদীর দোকান ভাঙচুর, লুটপাট ও মারধর করেছে। তাদের হামলায় নয়জন আহত হয়েছে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।সারিয়াকান্দি থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলার ফুলবাড়ির নয়াপাড়া গ্রামের ইব্রাহিমের সঙ্গে প্রতিবেশী মোজামের জমি নিয়ে মারধরের ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হয়। মামলায় একই এলাকার ১৪ জনকে আসামি করা হয়। আসামিরা ঈদের আগে জামিনে ছাড়া পায়। এদিকে মোজামের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত শুক্রবার রাতে মামলার বাদী ইব্রাহিমের ওয়ার্কশপে হামলা করে। এ সময় সন্ত্রাসীরা ওয়ার্কশপের টাকার বাক্স ভেঙে এক লাখ ১৯ হাজার টাকা এবং প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে। এ সময় বাধা দিতে গেলে সন্ত্রাসীরা পিটিয়ে ফুলবাড়ির নয়াপাড়া গ্রামের ইউনুস আলী, তাঁর ভাই ইলিয়াছ, হারেজ, জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম, ওবায়দুল, মিনহাজ, রকি, বিদ্যুৎকে আহত করে। তাঁদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় ইব্রাহিমের ছেলে ওবায়দুল বাদী হয়ে গত শনিবার মামলা দায়ের করেছেন। সারিয়াকান্দি থানার উপপরিদর্শক আবদুল মজিদ জানান, থানায় মামলা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে।