জামিনে ছাড়া পেয়েই বাবার বিরুদ্ধে মামলা!
সমঝোতার অঙ্গীকারনামা দেওয়ায় দুই ছেলের জামিন নিলেন বাবা। ছাড়া পেয়ে মাকে বাদী করে সেই বাবার বিরুদ্ধে প্রতারণা মামলা করলেন তাঁরা। যে বাবাকে কিরিচ দিয়ে কুপিয়ে মারার অভিযোগে গত ১৯ ফেব্রুয়ারি পুলিশ গ্রেপ্তার করে তাঁদের। বাবা মুছা জানান, ছেলে সহিদুল ইসলাম (৩৪) ও মাসুদ পারেভজ (৩২) ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের সাদেকেরপাড়া গ্রামের নিজ বসতঘরের জমি ভাগবাঁটোয়ারা নিয়ে কিরিচ দিয়ে কুপিয়ে তাঁকে প্রাণে মারার চেষ্টা করেন। রাঙ্গুনিয়া থানায় মামলা করলে পুলিশ ১৯ ফেব্রুয়ারি তাঁদের গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে।মুছা বলেন, ‘তাদের মা হাতে-পায়ে ধরে জেল থেকে ছেলেদের ছাড়ার জন্য মিনতি করে। ভাগবাঁটোয়ারা মেনে নেওয়ার অঙ্গীকারনামা দিলে ছেলেদের জামিন নেওয়া হয়। সব প্রক্রিয়া ১০ মার্চ আদালতে বিচারকের সামনে সম্পন্ন হয়। ওই দিন ছাড়া পেয়ে ১১ মার্চ তাদের মা মজুমা খাতুনকে (৫২) বাদী করে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আমার বিরুদ্ধে প্রতারণা মামলা করে।’সহিদুল ইসলাম জানান, জমি ভাগবাঁটোয়ারায় সমঞ্চত হয়ে অঙ্গীকারনামা নিয়ে জামিনে ছাড়ালেও বাবা মায়ের কাছ থেকে খালি স্ট্যাস্পে স্বাক্ষর নিয়ে মায়ের অংশের সব জমি নিজের নামে লিখে নোটারি পাবলিক করান। ফলে বাবার বিরুদ্ধে প্রতারণা মামলা করেন মা মজুমা খাতুন। মজুমা খাতুন বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না। ছেলেরা যা বলেছে তা-ই করেছি।’ এ প্রসঙ্গে মুছা বলেন, ‘স্ট্যাম্পে নিজের নামে জমি লিখে নোটারি পাবলিক করিনি আমি। আদালতের আদেশ অনুযায়ী ছেলেদের নামে জমির অংশ ভাগবাঁটোয়ারা করা হয়েছে। মজুমা খাতুনও এ সময় উপস্থিত ছিল।’ রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, অভিযোগটি সরেজমিনে তদন্ত করা হয়েছে।