জামিনে থাকা আসামিকে হাতকড়া পরিয়ে পেটালেন ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে গোসাইরহাট উপজেলায় জামিনে থাকা এক আসামিকে থানায় ডেকে নিয়ে হাতকড়া পরিয়ে বেদম মারধর করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম আলী মোল্যা। পরে আহত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওসি একরাম অভিযোগ স্বীকার করে বলেছেন, ‘ভাই, একটা ভুল করে ফেলেছি।’জানা গেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) লাইনম্যান সদর উপজেলার মিত্র সেনপট্টি গ্রামের বাসিন্দা পরেশ দাসের প্রতিবেশী আলো রানী ওসির বাসায় কাজ করেন। জায়গা-জমি নিয়ে কিছু দিন ধরে আলো রানীর সঙ্গে পরেশ দাসের বিরোধ চলছে। এ নিয়ে দুই মাস আগে আলো রানী তাঁকে মারধর করার অভিযোগে পরেশের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর পুলিশ পরেশকে আটক করে থানায় নিয়ে মারধর করে। দুই দিন পর তিনি জামিনে মুক্তি পান।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন পরেশ অভিযোগ করেন, ‘গতকাল সকাল নয়টার দিকে থানার দুই কনস্টেবল বাড়ি থেকে আমাকে থানায় ডেকে নিয়ে আসে। ওসি একরাম আলীর কক্ষে ঢুকিয়ে আমাকে হাতকড়া পরানো হয়। এরপর মোটা বেতের লাঠি দিয়ে ওসি নিজ হাতে প্রায় ১০ মিনিট আমাকে বেদম পেটান। পরে আমাকে থানা হাজতে ঢুকিয়ে রাখা হয়।’এ বিষয়ে ওসি একরাম আলী মোল্যার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করেন। কিন্তু পরে এ প্রতিবেদককে থানার বাইরে ডেকে নিয়ে বলেন, ‘ভাই, একটা ভুল করে ফেলেছি। প্লিজ, নিউজ করবেন না। তাহলে আমার সমস্যা হয়ে যাবে।’ শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এ কে এম শহীদুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। গোসাইরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাশেদুল হাসানকে বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’