জামিনে থাকা পাকিস্তানিসহ পাঁচ আসামির বিদেশে পালানোর পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেটোনেটরসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধারের মামলায় জামিনে থাকা এক পাকিস্তানি নাগরিকসহ পাঁচজন বিদেশে পালানোর পাঁয়তারা করছেন। তাঁদের বিরুদ্ধে ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততা রয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। আদালত সূত্র জানান, জামিনে থাকা এই আসামিরা আদালতের অনুমতি না নিয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

আদালত ও পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ তথ্য জানিয়েছে।

গত ১৯ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই পাঁচ আসামিকে জামিনে মুক্তির আদেশ দেন। আইনজীবী ও একজন স্থানীয় জামিনদারের জিম্মায় ৩০ হাজার টাকার মুচলেকায় আদালত তাঁদের জামিন দেন। জামিনপ্রাপ্ত আসামিরা হলেন পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম এবং আবদুল মজিদ, মো. কবির ওরফে আমিন, শেখ মোহাম্মদ সালামত উল্লাহ ও মো. শফিউল্লাহ। শেষের চারজন চট্টগ্রাম ও কক্সবাজারের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা আরএসও, জিআরইউ ও ইসলামি জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা আন্তর্জাতিক ইসলামি জঙ্গি সংগঠনের সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকারোক্তি দেন। তাঁদের কাছ থেকে জব্দ করা ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য দিয়ে বোমা তৈরি করে নাশকতা ও জঙ্গি সংগঠনের কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলেও তাঁরা জানিয়েছিলেন।

গত ১ ডিসেম্বর ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্যসহ মিয়ানমারের চার নাগরিককে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই পাঁচজনকে আটক করা হয়েছিল।