জামিনে কারাগার থেকে বেরিয়ে প্রথম দু-তিন মাস আদালতে হাজিরা দেন মাদক মামলার আসামিরা। কিন্তু মামলার রায় ঘোষণার সময় এগিয়ে এলেই উধাও হয়ে যান তাঁরা। রায়ে আদালত সাজা দিলেও পুলিশ আর তাঁদের খুঁজে পায় না। চলতি বছরের ১ মে থেকে ২৩ অক্টোবর পর্যন্ত প্রায় ছয় মাসে চট্টগ্রাম মহানগর দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম মহানগরসহ ১৩টি আদালতে ৩১২টি মাদকের মামলার রায় ঘোষণা করা হয়। এসব মামলায় কারাদণ্ড দেওয়া ৬৪৯ আসামির মধ্যে ৩৮২ জনই রায় ঘোষণার আগে জামিনে গিয়ে পলাতক হয়ে যান।
সর্বশেষ ২৩ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর নগরের সদরঘাট থানার একটি ইয়াবা জব্দ করার একটি মামলায় চার আসামির প্রত্যেককে পাঁচ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত। আসামিদের মধ্যে তিনজন রায় ঘোষণার আগেই জামিনে গিয়ে পলাতক হয়ে যান।
তিন আসামি হলেন ফরিদ আহম্মেদ, মো. আজাদ ও আমির আলী। ২০১৬ সালের ২০ আগস্ট আসামিদের কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি জব্দ করেছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। আসামি আজাদ চলতি বছরের ১৭ জানুয়ারি জামিনে মুক্তি পান। এরপর ৩০ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি, ৯ এপ্রিল, ১৭ মে ও ২০ জুন মামলার ধার্য দিনে আদালতে হাজির ছিলেন তিনি। ২৪ সেপ্টেম্বর তিনি হাজির না হওয়ায় ওই দিনই আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। আর গত ১ মার্চ জামিনে মুক্তি পান আমির আলী ও ফরিদ আহম্মেদ। ৯ এপ্রিল মামলার ধার্য দিনে আদালতে হাজিরা দেওয়ার পর থেকেই তিনি পলাতক।
আসামি আমিরের জামিনের আবেদন করেছিলেন আইনজীবী জয়নাল আবেদীন। তিনি বলেন, জামিন পাওয়ার পর থেকে আসামি আমির তাঁর সঙ্গে আর যোগাযোগ করেননি।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, একজন আইনজীবী ও একজন স্থানীয় ব্যক্তির জিম্মায় আদালত আসামিকে জামিন দিয়ে থাকেন। আসামি পলাতক হয়ে গেলে জিম্মাদারকে শোকজ করতে পারেন আদালত। এভাবে মাদক মামলার আসামিরা পলাতক হতে থাকলে রাষ্ট্রপক্ষ থেকে বিষয়টি আদালতকে জানানো হবে।
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরের ১৬ থানায় প্রতিদিন গড়ে ১৬ থেকে ২০টি মামলা হয়। এর মধ্যে ৮ থেকে ১০টি মামলা হয় মাদকের। ইয়াবা, গাঁজা, হেরোইন ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এসব মামলা করা হয়। ২৪ অক্টোবর নগরের ১৬ থানায় মামলা হয় ২৩টি। এর মধে৵ মাদকের মামলাই ১৬টি।
নগরের ১৬ থানায় বর্তমানে ৫৫০টি সাজা পরোয়ানা তামিলের জন্য রয়েছে। এর মধে৵ ২৬০টি পরোয়ানা মাদকের মামলার আসামিদের বিরুদ্ধে।
গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার জন্য ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। ১৯ অক্টোবর তাঁর কার্যালয়ে মাসিক অপরাধ সভায় তিনি এই নির্দেশ দেন।
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আকরামুল হোসেন প্রথম আলোকে বলেন, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলাচ্ছেন তাঁরা।
জামিনে গিয়ে আবার গ্রেপ্তার
২০১৪ সালের আগস্ট মাসে চট্টগ্রাম নগরের কালামিয়া বাজার এলাকা থেকে শিক্ষার্থী আতিকুল ইসলাম ওরফে তারেককে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। আট মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। মামলাটি এখন বিচারাধীন। এর মধ্যে ১৭ অক্টোবর রাতে ২০ হাজার ইয়াবা বড়িসহ নগরের বিবির হাট এলাকা থেকে তাঁকে আবার গ্রেপ্তার করে পুলিশ। আতিকুল চট্টগ্রাম নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। বাড়ি কক্সবাজারের টেকনাফে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে ১৮ অক্টোবর আতিকুল প্রথম আলোকে বলেন, টেকনাফ থেকে মো. বশর নামের এক ব্যক্তি দামি গাড়ি করে ইয়াবা তাঁর কাছে চট্টগ্রামে পাঠান। তিনি সেগুলো নিয়ে বাসায় রাখেন। পরে রফিক নামের এক ভ্যানচালকের মাধ্যমে এসব ইয়াবা বিক্রি করেন। ভ্যানচালক রফিককে মাসে বেতন দেন ৩০ হাজার টাকা। আর ইয়াবা বিক্রি করে মাসে তাঁর আয় ৮০ থেকে ৯০ হাজার টাকা।
জামিন নিয়ে পলাতক
২০১২ সালের ৩ জানুয়ারি অক্সিজেন এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গ্রেপ্তার করেন মো. মোনাফ ও মো. ইসমাইলকে। এ ঘটনায় করা মামলায় গত ১৮ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হয়। রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
সরকারি কৌঁসুলি উত্তম কুমার দত্ত বলেন, আসামিরা দুই বছর আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি পতেঙ্গা এলাকা থেকে ইয়াবা জব্দের মামলায় চারজনকে এ বছরের ১৮ অক্টোবর সাজা দেন আদালত।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত ছিলেন। বাকি দুজন ছয় মাস আগে জামিনে গিয়ে পলাতক রয়েছেন।