এবিসি রেডিওর নারী সাংবাদিককে মারধরের ঘটনায় করা মামলায় দুই আসামি জামিনে বেরিয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আনোয়ার শাহাদতের আদালতে আত্মসমর্পণ করে তাঁরা জামিনের আবেদন করেন। এদিকে মারধরের অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ না করার অভিযোগে কলাবাগান থানার দারোগা তাজউদ্দিন আহমেদকে সরিয়ে নেওয়া হয়েছে।সূত্র জানায়, মামলার দুই আসামি সাইফুর রহমান সাপ্পু ও শাহাদত হোসেন সেকু আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের উপপরিদর্শক শেখ রকিবুর রহমান এ সময় জামিনের বিরোধিতা করতে চাইলে আদালত তাঁকে থামিয়ে দিয়ে বলেন, এ মামলার ধারা জামিনযোগ্য, তাই কোনো পক্ষের কথা শোনা হবে না। একই সঙ্গে আদালত দুই হাজার টাকা মুচলেকায় জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালতের অনুমতি নিয়ে এক আইনজীবী কথা বলতে চাইলে তাঁকে অনুমতি দেওয়া হয়নি।গত ৩১ জুলাই গত রোববার বিকেলে বাসায় যাওয়ার সময় পান্থপথে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে মারধরের শিকার হন এবিসি রেডিওর এক নারী সাংবাদিক। তিনি কলাবাগান থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে লিখিত এজাহারটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নেন।সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকার বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এ এফ এম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মারধরের শিকার হওয়ার পর কেউ মামলা করতে গেলে পুলিশ সেটাকে সাধারণ ডায়েরি হিসেবে নিতে পারে না। এটা অবশ্যই মামলা হিসেবে নিতে হবে।