জামিনে বেরিয়ে পেটালেন যুবলীগ নেতা
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলমগীর হোসেন গত শনিবার বিকেলে আবদুল কুদ্দুস নামের এক ব্যক্তি ও তাঁর দুই ছেলেকে বাজারে মারধর করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, আলমগীর হোসেনের সঙ্গে আবদুল কুদ্দুসের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আবদুল কুদ্দুসের দায়ের করা মামলায় আদালত আলমগীর হোসেনসহ ছয়জনকে নয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। সম্প্রতি এ মামলায় আপিল করে আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন আলমগীর হোসেন। এরপর গত শনিবার ইফতারের আগে আমলাহার বাজারে আলমগীর হোসেন ৮-১০ জন লোক নিয়ে আবদুল কুদ্দুস, তাঁর ছেলে মজনু মিয়া ও মোশাররফ হোসেনের ওপর হামলা চালান। তিনজনকে আহত অবস্থায় ওই রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের আবার মারধর করা হয়। ওই রাতেই আলমগীর হোসেন মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ হাসপাতাল থেকেই তাঁদের ধরে নিয়ে গেছে।এ ব্যাপারে মুঠোফোনে আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি দাবি করে বলেন, ‘আমি নই। পূর্ববিরোধের জের ধরে মোশাররফ আমার ওপর হামলা করেছে।’পঞ্চগড় থানার ওসি হুমায়ুন কবীর জানান, গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।