জামিনে মুক্ত আমান, জামিন পেলেন এম কে আনোয়ার ও মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ জামিনে কারাগার থেকে গতকাল রোববার মুক্তি পেয়েছেন। এদিকে নাশকতার মামলায় গতকাল হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার এবং গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র ও বিএনপি নেতা আবদুল মান্নান।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গতকাল প্রথম আলোকে বলেন, আমান উল্লাহ জামিনে সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
এদিকে বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল এম কে আনোয়ারের জামিনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
সগীর হোসেন সাংবাদিকদের বলেন, এ বছর এম কে আনোয়ারের বিরুদ্ধে ১০টি মামলা করা হয়। এর আগে তিনি নয়টি মামলায় জামিন পেয়েছেন। গতকাল পল্টন থানার মামলায়ও তিনি জামিন পেয়েছেন।
গতকাল বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাশকতার দুই মামলায় গাজীপুর সিটির সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আবদুল মান্নানের ছয় মাসের জামিন মঞ্জুর করেন। আদালতে মান্নানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন কে এম মাসুদ রানা।