জামিনে মুক্ত আসামি ফের কারাগারে
আদালতের কর্মকর্তা ও কর্মচারীর গাফিলতির কারণে জামিনে মুক্ত আসামি জাহিদুল ইসলাম নওগাঁ কারাগারে আটক আছেন। ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত গত ২৫ আগস্ট জাহিদুলকে জামিনে মুক্তির আদেশ দেন। কিন্তু সংশ্লিষ্ট আদালত থেকে নওগাঁ থানায় পরোয়ানা প্রত্যাহারসংক্রান্ত কোনো প্রতিবেদন না পাঠানোয় গত ৯ সেপ্টেম্বর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আসামির আত্মীয় আমিরুল প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট আদালতকে জাহিদুলের গ্রেপ্তারের বিষয়ে অবহিত করা হলে বিচারক ১২ সেপ্টেম্বর তাঁকে মুক্তির বিষয়ে এক আদেশ দেন। নয় দিন পেরিয়ে গেলেও তা নওগাঁ আদালতে কিংবা কারাগারে পৌঁছায়নি। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১ মার্চ জাহিদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ৩১ জুলাই জাহিদুল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা ফেরতের (প্রত্যাহার) আদেশ দেন। কিন্তু পরোয়ানা ফেরতের বিষয়ে কোনো প্রতিবেদন সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়নি। এ কারণে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের পেশকার আ. করিম ও পিয়ন আয়ুব আলী বলেন, পরোয়ানা ফেরত প্রতিবেদন পাঠানোর দায়িত্ব আসামিপক্ষের আইনজীবীর। আদালত পরোয়ানা ফেরত (রি-কল) চেয়েছেন, এটা আদেশে বেশি লিখেছেন। ফেনসিডিল রাখার অভিযোগে ২০০৯ সালে দারুস সালাম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।