জামিনে মুক্ত আহমদ হত্যা মামলার আসামি নাজিম চেয়ারম্যান
অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন পুরান ঢাকার ওয়ার্ড কাউন্সিলর ও যুবদলের নেতা আহমদ হোসেন হত্যা মামলার অন্যতম আসামি নাজিমউদ্দীন চেয়ারম্যান। গত শুক্রবার তিনি কারাগার থেকে ছাড়া পান।গত ৯ ফেব্রুয়ারি আলুবাজারে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি আহমদ হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ডিবিকে জানায়, আহমদকে হত্যার জন্য কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিমউদ্দীন কলকাতায় গিয়ে ডাকাত শহীদের সঙ্গে অর্ধকোটি টাকার চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ডাকাত শহীদের অনুসারী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুতের তত্ত্বাবধানে কাউসার আহমেদ আরও কয়েজনকে সঙ্গে নিয়ে আহমদ হোসেনকে গুলি করে খুন করেন।নাজিমউদ্দীনের জামিন হওয়ার পর নিহত আহমদের স্ত্রী নওশেবা বেগম প্রথম আলোকে ফোন করে তাঁর উদ্বেগের কথা জানান।আহমদ হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী জানান, গত বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত জেলা জজ নাজিম চেয়ারম্যানের ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। মার্চে গ্রেপ্তারের এক মাস পর অসুস্থ হয়ে পড়ায় নাজিমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি হাসপাতালেই বন্দী ছিলেন। এরপর তাঁর রক্তক্ষরণ হচ্ছে, বাইরের (কারাগারের বাইরে) চিকিৎসা প্রয়োজন, এ জন্য জামিন আবেদন করা হলে আদালত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ১৬ জুন পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।আহমদ হত্যা মামলা ছাড়াও আরও চারটি মামলায় গ্রেপ্তার ছিলেন নাজিম চেয়ারম্যান। এগুলো হলো দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলা, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা, একটি হত্যা মামলা ও কোতোয়ালি থানায় দায়ের করা জরুরি বিধিমালায় একটি মামলা।আহমদ হত্যা মামলায় নাজিম চেয়ারম্যানের পক্ষে লড়ছেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক নজিবুল্লাহ হিরু। সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে জানান, গত শুক্রবার নাজিমউদ্দীন ছাড়া পেয়েছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলারই আনীত অভিযোগের সত্যতা না পেয়ে জামিন দিয়ে দিয়েছেন আদালত।