জামিনে মুক্ত ছাত্রলীগ নেতা নুরুল আজিম
অস্ত্র মামলায় ৫৪ দিন কারাগারে আটক থাকার পর চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম (রনি) জামিনে মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে নুরুল আজিমের জামিনের আদেশসংক্রান্ত একটি চিঠি গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। বিকেলে তিনি মুক্তি পান।
কারাগার সূত্র জানায়, অস্ত্র আইনের মামলায় নুরুল আজিম গত ২৮ জুন হাইকোর্ট থেকে তিন মাসের জামিন পান। হাইকোর্টের সেই আদেশ গতকাল চট্টগ্রাম আদালত হয়ে কারাগারে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ আদেশটি যাচাই করে নুরুল আজিমের মুক্তির ব্যবস্থা করে।
গত ৭ মে দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্রের পাশ থেকে নুরুল আজিমকে অস্ত্রসহ আটক করা হয়। তাঁর কাছে ১৫টি গুলিসহ পিস্তল ও ভোট দেওয়ার কাজে ব্যবহৃত একটি সিল পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত নির্বাচনে প্রভাব বিস্তারের দায়ে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিশ।
গতকাল দুপুর থেকে চট্টগ্রাম কারা ফটকের সামনে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অপেক্ষা করতে থাকেন। বেলা তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হলে নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। কারাগার থেকে বেরোনোর পর নুরুল আজিমকে নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে যান নেতা-কর্মীরা। যাওয়া পথে মিছিলের কারণে লালদীঘি সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভপাতি সুনীল সরকার, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ প্রমুখ।
সমাবেশে নুরুল আজিম বলেন, প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং শিবিরমুক্ত ক্যাম্পাস গড়তে তিনি সচেষ্ট থাকবেন।
পরে শহীদ মিনার চত্বর থেকে মোটর শোভাযাত্রাসহকারে নুরুল আজিম নেতা-কর্মীদের নিয়ে জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখানে নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করেন তিনি।