ব্যবসায়ী ফরহাদ ইসলাম অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর সবাই জামিনে মুক্তি পেয়েছেন। এঁদের মধ্যে চারজন উচ্চ আদালত ও আরেকজন নিম্ন আদালত থেকে গত ২১ জুলাই জামিন পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এদিকে ঘটনার তিন মাস পরও এ-সংক্রান্ত মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। বরং তদন্ত থেমে আছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার ব্যাপারে বাদীপক্ষ ও ভুক্তভোগী ব্যক্তির কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়ার উদ্যোগও নেয়নি।
তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার প্রথম আলোকে বলেন, এ মামলায় তদন্তের কিছু নেই। সবাইকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের যাচাইয়ের জন্য প্রত্যেকের গ্রামের ঠিকানা থানা-পুলিশকে অবহিত করা হয়েছে। থানাগুলো থেকে তথ্য পাওয়ার পরই প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।
ব্যবসায়ী ফরহাদ রাজধানীর ফকিরাপুলে মুঠোফোন রিচার্জের ব্যবসা করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। থাকেন রাজধানীর পল্টন থানা এলাকায়। গত ৮ মে ফরহাদকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে অপহরণ করে জগন্নাথ হলের একটি কক্ষে আটকে রাখেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এরপর তাঁর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানায়। পরদিন পুলিশ মুক্তিপণ দেওয়ার কৌশল অবলম্বন করে এ ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীসহ সাতজনকে আটক করে এবং ফরহাদকে উদ্ধার করে। এঁদের মধ্যে ছাত্রলীগের এক নেতাকে ছেড়ে দিয়ে বাকি ছয়জনকে অপহরণের ঘটনায় শাহবাগ থানায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়ার ছয়জন হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় উপক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ ওরফে সজীব, জগন্নাথ হল কমিটির সহসভাপতি অনুপম চন্দ্র, মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তি-বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, একই হলের ছাত্রলীগের কর্মী হিমেল, ঢাকা কলেজের ছাত্রলীগের কর্মী বাপ্পী ও আরফান নামের এক যুবক। এঁদের মধ্যে প্রথম চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ঘটনার পর তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ছাত্রলীগও তাঁদের সংগঠনের থেকে বহিষ্কার করেছে বলে ঘোষণা দিয়েছে।
তবে ছাত্রলীগের উচ্চপর্যায়ের কেউ কেউ মামলা থেকে এই পাঁচ নেতা-কর্মীকে বাঁচানোর জন্য চেষ্টা-তদবির করছেন বলে অভিযোগ আছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ওই ব্যবসায়ী ভয়ে ঢাকা ছেড়েছেন। তাঁর পরিবারও আর মামলা চালাতে চাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী ফরহাদের খালু আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা মামলা চালাতে চাই না। কারণ, আমরা আর কোনো ঝামেলায় যেতে চাই না। তবে পুলিশ ও আদালত ডাকলে আমরা যাব। ঘটনা খুলে বলব।’ তিনি বলেন, এখন সবকিছু নির্ভর করছে পুলিশের ওপর।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারী হচ্ছেন আরফান। তিনি অপহৃত ব্যবসায়ীর বন্ধু ও একই এলাকায় বাড়ি। ব্যবসায়ী ফরহাদকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ আদায় করে দিতে পারলে ছাত্রলীগের এসব নেতা-কর্মীকে দুই লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন আরফান।