গৃহকর্মীকে ন্যায্য মজুরি না দেওয়া এবং কর্মী ভিসা গ্রহণে জালিয়াতির অভিযোগে জাতিসংঘে কর্মরত বাংলাদেশের কূটনীতিক হামিদুর রশিদ গত মঙ্গলবার গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর তিনি জামিনে মুক্তি পান।
বাংলাদেশের কূটনীতিক হামিদুর রশিদ লিয়েনে এখন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) পরিচালক হিসেবে কাজ করছেন।
রয়টার্স জানায়, হামিদুর ভিসা জালিয়াতি করে বাংলাদেশ থেকে কাজের লোক (গৃহকর্মী) নিয়ে এসেছিলেন। এক নারী গৃহকর্মী ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে। সেই নারী যুক্তরাষ্ট্রে আসার পর চার বছর নিখোঁজ ছিলেন।
নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, পুরোনো অভিযোগের ভিত্তিতে হামিদুর গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছেন।
গতকাল ম্যানহাটন ফেডারেল আদালতে হামিদুরের বিরুদ্ধে ভিসা জালিয়াতি, বিদেশি শ্রমিক নিয়োগসংক্রান্ত নীতিমালা লঙ্ঘন আর পরিচয় গোপন রেখে শ্রমিক আমদানির অভিযোগ আনা হয়।