জামিনে মুক্ত প্রবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিনে মুক্তির পর প্রবীর সিকদার
জামিনে মুক্তির পর প্রবীর সিকদার

তিন দিনের রিমান্ডের আদেশ হওয়ার পরদিনই জামিনে মুক্তি পেলেন সাংবাদিক প্রবীর সিকদার। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর জামিন মঞ্জুর করেন ফরিদপুরের ১ নম্বর আমলি আদালত।
প্রবীর সিকদারকে আদালতে হাজির করে কাল জামিনের আবেদন করা হলে বিচারিক হাকিম মো. হামিদুল ইসলাম জামিন মঞ্জুর করেন। প্রবীরের আইনজীবী আলী আশরাফ নান্নু বলেন, একই আদালত গত মঙ্গলবার প্রবীর সিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন প্রবীর সিকদারকে হেফাজতে নিয়ে আদালতে সোপর্দ করেন। এ খবর শোনার পরই আমরা আদালতের নথি তলব করে জামিন চেয়ে আবেদন জানালে আদালত জামিন মঞ্জুর করেন।’
প্রবীর সিকদারের জামিন চাওয়া হলে বাদী ও রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী এর বিরোধিতা করেননি। পরে আদালত পাঁচ হাজার টাকার জামিননামায় আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
জামিনের আবেদন জানিয়ে আলী আশরাফ বলেন, প্রবীর সিকদার শহীদ পরিবারের সন্তান। তিনি শারীরিকভাবে অসুস্থ। তাঁর শরীরের মধ্যে শতাধিক স্প্লিন্টার রয়েছে, ওনার এক পা নেই। তিনি হৃদ্রোগী। প্রতিদিন তাঁকে ২০ ধরনের ওষুধ খেতে হয়। এ রকম একজন ব্যক্তিকে জামিন দেওয়া হলে তিনি আদালতের আদেশের বরখেলাপ করবেন না।
এ সময় আদালতে বাদী স্বপন পাল, বাদীপক্ষের আইনজীবী অনিমেষ রায় ও জাহিদ ব্যাপারী উপস্থিত ছিলেন। তাঁরা জামিন আবেদনের বিরোধিতা করেননি।
অনিমেষ রায় বলেন, ‘আমরা কেউ জামিনের বিরোধিতা করিনি। স্থানীয় সরকারমন্ত্রী আমাদের বিষয়টি মানবিকভাবে দেখার জন্য পরামর্শ দিয়েছেন।’
স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, প্রবীর সিকদার শারীরিকভাবে অসুস্থ। তাঁর স্ত্রী আমাকে বিষয়টি মানবিকভাবে দেখার জন্য অনুরোধ করেছিলেন। এ কারণে আমি সরকারি আইনজীবীদের পরামর্শ দিয়েছিলাম, প্রবীরের পক্ষে জামিনের আবেদন করা হলে মানবিক কারণে এর যেন বিরোধিতা করা না হয়।’
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন বলেন, প্রবীর সিকদারের তিন দিনের রিমান্ডের শুনানি এক দিনে শেষ করে গতকাল তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
প্রবীর সিকদার দৈনিক বাংলা ৭১, উত্তরাধিকার ৭১ নিউজ অনলাইন পত্রিকা ও উত্তরাধিকার নামের একটি ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক। তাঁর বাড়ি ফরিদপুর সদরের কানাইপুরে। তবে তিনি বর্তমানে ঢাকায় বসবাস করেন। গত রোববার সন্ধ্যায় তাঁকে ঢাকায় আটক করা হয়। ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন ফরিদপুর জেলা পূজা উদ্যাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। এই আইনের ৫৭(২) ধারায় প্রবীর সিকদারকে গ্রেপ্তার করে সোমবার ভোরে ফরিদপুরে আনা হয়।
জামিন মঞ্জুরের পর প্রবীর সিকদারকে দুপুর পৌনে ১২টার দিকে আদালত থেকে আবার কারাগারে নেয় পুলিশ। সেখান থেকে পৌনে দুইটার সময় তিনি মুক্তি পান। এ সময় কারা ফটকে প্রবীর সিকদারের স্ত্রী অনিতা সিকদার, ছেলে পুলক সিকদার, বোন দীপ্তি সিকদারসহ আত্মীয়স্বজন, সংবাদকর্মীসহ অনেক মানুষ ভিড় করেন।