
কক্সবাজারের পেকুয়ায় গতকাল বুধবার যুবলীগ নেতার মোটর শোভাযাত্রার কারণে ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ। এ সময় প্রায় দুই ঘণ্টা কার্যত অচল ছিল উপজেলার বরইতলী-মগনামা সড়ক।
র্যাবের অস্ত্র ও হত্যাচেষ্টার মামলায় গত মঙ্গলবার জামিনে মুক্তি পান পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। এরপর গতকাল বুধবার বিকেলে তিনি পেকুয়ায় যান। এ সময় অনুসারীরা তাঁকে বরইতলী থেকে প্রায় আড়ই শ গাড়ির শোভাযাত্রার মাধ্যমে ১৩ কিলোমিটার দূরের পেকুয়ার চৌমুহনী এলাকায় নিয়ে আসেন। সেখানেও সড়কের ওপর সংবর্ধনা অনুষ্ঠান করা হয়।
বরইতলী-মগনামা সড়কটি ২১ কিলোমিটারের। এটি চকরিয়ার বরইতলী থেকে শুরু হয়ে শেষ হয়েছে পেকুয়ার মগনামা এলাকায়। সড়কটিতে চলাচল করে যাত্রীবাহী বাস, জিপ ও পণ্যবাহী ট্রাক-পিকআপ। প্রতিদিন চলাচল হাজারো মানুষের। পেকুয়ার পাশাপাশি কুতুবদিয়ার মানুষও সড়কটি ব্যবহার করে। মগনামা ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় কুতুবদিয়ায় আসা-যাওয়া করেন সেখানকার বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রা শুরু হয় বিকেল পৌনে চারটায়। এরপর গাড়িগুলো ধীরগতিতে পেকুয়ার দিকে আসতে থাকে। সাড়ে চারটায় শোভাযাত্রাটি চৌমুহনীতে পৌঁছায়। এরপর সেখানে আরও এক ঘণ্টা চলে সংবর্ধনা অনুষ্ঠান। এই পুরো সময়টা সড়ক অচল ছিল। শোভাযাত্রার পেছনে থাকা শতাধিক গাড়ি প্রায় দুই ঘণ্টা পর গন্তব্যে যাওয়ার সুযোগ পায়।
চট্টগ্রাম শহর থেকে কুতুবদিয়া যাচ্ছিলেন পোশাককর্মী জন্নাতুল শিফা (২৭)। তিনি বলেন, সড়কের ওপর সংবর্ধনাটি না করে যেকোনো একটি খোলা মাঠে করলে মানুষকে দুর্ভোগে পড়তে হতো না। আধঘণ্টা ধরে সড়কের ওপর গাড়িটি আটকে আছে।
যাত্রীবাহী একটি বাসের চালক অলি উল্লাহ (৩৮) বলেন, এমনিতে গরম তার ওপর গাড়ি আটকে গেছে। যাত্রীদের সীমাহীন কষ্ট পোহাতে হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সংবর্ধিত যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘মানুষের ভালোবাসা দেখে আমি অভিভূত। যানবাহন আটকা পড়লেও যাত্রীরা কোনো প্রকার বিরক্ত হননি। কারণ তাঁরা জানেন আমি ষড়যন্ত্রের শিকার। এ জন্য তাঁরাও সহানুভূতি জানিয়েছেন।’
যুবলীগের নেতা-কর্মীরা বলেন, মোটর শোভাযাত্রায় ১১০টি মোটরসাইকেল, ৩০টি পিকআপ, ৬০টি সিএনজিচালিত অটোরিকশা, ৩০টি জিপ (টাটা ম্যাজিক) ও ১০টি মাইক্রোবাস ছিল। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এসব গাড়ির বন্দোবস্ত করেন।
১৩ আগস্ট ভোরে পেকুয়া চৌমুহনীর বাড়ি থেকে জাহাঙ্গীর আলম ও তাঁর তিন ভাইকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় তিনটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে পেকুয়া থানায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। ওই মামলায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত থেকে ২২ আগস্ট জামিন পান জাহাঙ্গীর। তবে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীর দায়ের করা আরেকটি হত্যাচেষ্টা ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল তাঁকে। ওই মামলা থেকে ২৯ আগস্ট সকালে জামিন পেয়ে মুক্তি পান তিনি।
বিকেল সাড়ে চারটায় পেকুয়া চৌমুহনী চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহীদুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম। এ ছাড়া যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তব্যে জাহাঙ্গীর আলম দাবি করেন তাঁকে ফাঁসানো হয়েছে।