জামিনে মুক্ত রাজশাহীর নাদিম মোস্তফা
পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যা মামলাসহ তিনটি মামলার আসামি বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা আজ বুধবার জামিনে মুক্তি পেয়েছেন ।
নাদিম মোস্তফার আইনজীবী মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ চন্দ্র সরকার হত্যা মামলায় গত রোববার নাদিম মোস্তফা উচ্চ আদালত থেকে জামিন পান। এ সময় তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। গতকাল মঙ্গলবার আদালতের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। কিন্তু তাঁর নামে আরও দুটি মামলা থাকায় গতকাল তিনি মুক্তি পাননি। আজ সকালে রাজশাহীর মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করা হলে এ দুটি মামলায় তিনি জামিন পান। বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
গত বছরের ২৬ ডিসেম্বর ১৮ দলের মিছিল শেষে রাজশাহী মহানগরের রাজাহাতা এলাকায় পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে কনস্টেবল সিদ্ধার্থসহ নয়জন পুলিশ আহত হন। এঁদের মধ্যে সিদ্ধার্থকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই রাতেই পুলিশ বাদী হয়ে নাদিম মোস্তফাসহ বিএনপি-জামায়াতের ৩৫০ জনের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে সিদ্ধার্থ হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করে। এ মামলায় নাদিম মোস্তফা গত ২৭ জানুয়ারি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। গত ২ মার্চ সেই জামিনের মেয়াদ শেষ হয়। এর পর তিনি আত্মগোপনে ছিলেন। ১৩ এপ্রিল নাদিম মোস্তফা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।