জামিনে মুক্ত লতিফ সিদ্দিকী

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা একাধিক মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী গতকাল সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি কারাবন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন। মুক্তি পেয়ে তিনি হাসপাতাল ছাড়েন।
মুক্তি পেয়ে লতিফ সিদ্দিকীর হাসপাতাল ছাড়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন বিএসএমএমইউর উপপরিচালক মো. নাজমুল করিম। বিকেল পৌনে পাঁচটার দিকে লতিফ সিদ্দিকী বিএসএমএমইউ ছাড়েন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী বলেন, সব মামলায় লতিফ সিদ্দিকী জামিন পেয়েছেন।
হাইকোর্ট থেকে সাবেক এই মন্ত্রী প্রথমে সাত মামলা এবং পরে আরও ১০ মামলায় জামিন পান।
গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এরপর তিনি মন্ত্রিত্ব হারান এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যপদ থেকে বহিষ্কৃত হন। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি মামলা হয়। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
দেশে ফিরে গত বছরের ২৫ নভেম্বর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করার পর আদালত লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।