জামিনে মুক্তি পেলেন আরটিভির দুই সাংবাদিক
অবরোধ-সমর্থকদের ককটেল বিস্ফোরণ ঘটাতে উদ্বুদ্ধ ও প্ররোচিত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির দুই সংবাদকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পাওয়া এই দুই সাংবাদিক হলেন প্রতিবেদক তামজিদ ও ক্যামেরাম্যান প্রশান্ত মোদি।
গতকাল রোববার রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁদের চার দিন করে রিমান্ডে নেওয়া হয়। আজ পুলিশের পক্ষ থেকে আদালতে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আরটিভির পক্ষ থেকে দাবি করা হয়, অবরোধ-সমর্থকের খবর সংগ্রহ করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরটিভির কর্মীরা জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে প্রতিবেদক তামজিদ ক্যামেরাম্যান প্রশান্ত মোদিকে নিয়ে কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় যান। সেখানে অবরোধের সমর্থনে মিছিল বের হয়। তখন তাঁরা ভিডিওচিত্র ধারণ করছিলেন। একপর্যায়ে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন স্থানীয় আওয়ামী লীগের লোকেরা তাঁদের আটকে রাখেন ও পুলিশ থানায় নিয়ে যায়।
তবে কামরাঙ্গীরচর থানার ওসি প্রথম আলোকে বলেছিলেন, ‘অবরোধ-সমর্থকেরা একটি ককটেল ফাটালে আরটিভির দুই সাংবাদিক তাঁদের উদ্বুদ্ধ করে বলেন, ‘একটা ফুটালে হবে না, আরেকটা ফুটা।’ তাঁরা আবার এ ভিডিওচিত্র ধারণও করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের পিটুনি দিতে থাকেন। কামরাঙ্গীরচর থানার পুলিশ জনরোষ থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।