চট্টগ্রাম নগরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল রিকশাচালক নুরুল আলম ওরফে ভুট্টোকে। তবে অধিকতর তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানায়, নুরুল আলম প্রকৃত আসামি নন। গতকাল মঙ্গলবার সেই নুরুল আলম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ২০১৪ সালের ১৭ মার্চ চট্টগ্রাম নগরের ওমর গণি এমইএস কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কামরুল হাসান ও পোশাক কারখানার কর্মী ফোরকান উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলায় নয়জনকে আসামি করা হয়। এজাহারে এক আসামির নাম লেখা ছিল ‘ভুট্টো’। তাঁর পূর্ণাঙ্গ নাম-ঠিকানা ছিল না। ঘটনার ১৭ দিন পর এই মামলায় নুরুল আলম ওরফে ভুট্টোকে গ্রেপ্তার দেখায় পুলিশ। একটি চুরির মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন তিনি।
মামলাটি প্রথমে তদন্ত করে খুলশী থানার পুলিশ। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আদালতে এ মামলায় অভিযোগপত্রও দেওয়া হয়েছিল। কিন্তু আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে মামলাটি অধিকতর তদন্তের জন্য গত ১৪ মে পিবিআইকে নির্দেশ দেন। গত ৩১ অক্টোবর রাসেল ওরফে ভুট্টো নামের আরেকজনকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। অধিকতর তদন্তের পর পিবিআই জানায়, এই মামলায় গ্রেপ্তার দেখানো নুরুল আলম প্রকৃত আসামি নন। রাসেল ওরফে ভুট্টো প্রকৃত আসামি।
গত ৫ নভেম্বর প্রথম আলোয় ‘দুই ভুট্টোই কারাগারে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
নুরুল আলম ওরফে ভুট্টোর আইনজীবী মো. সরওয়ার হোসাইন জানান, গত সোমবার জোড়া খুন ও চুরির মামলায় নুরুল আলমের জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মোহাম্মদ মাহাবুবুল ইসলাম বলেন, জামিননামা পাওয়ার পর গতকাল সকালে নুরুল আলম ওরফে ভুট্টোকে মুক্তি দেওয়া হয়।
আড়াই বছর পর স্বামীর মুক্তির খবর পেয়ে কারাফটকে ছুটে আসেন নুরুল আলমের স্ত্রী রানু বেগম ও ছেলে রাব্বী সরকার।
নুরুল আলমের স্ত্রী রানু বেগম বলেন, মিথ্যা চুরির মামলায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে নামের মিল থাকায় জোড়া খুনের মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। স্বামী কারাগারে যাওয়ার পর তিন ছেলে ও তিন মেয়েকে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কেটেছে তাঁদের।