জামিনে মুক্তি পেলেন টিংকু দাশ
ছাত্রদলের সাবেক নেতা ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী টিংকু দাশ জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
জামিনে মুক্তির পর কারাফটক থেকে টিংকু দাশকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়। এর আগে তৃতীয় দফায় গত ৭ জুলাই জামিনে মুক্তির পর কারাফটক থেকে টিংকুকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মনির হোসেন প্রথম আলোকে জানান, টিংকু দাশকে গতকাল দুপুরে মুক্তি দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে থাকা পাঁচটি মামলায় কারাগারে জামিননামা আসার পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, টিংকু দাশকে কারাফটক থেকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলার তথ্য না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে টিংকু দাশকে নজরদারিতে রাখা হবে, যাতে তিনি সন্ত্রাসী কোনো কার্যকলাপে জড়াতে না পারেন।
চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক টিংকু দাশকে ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল পুলিশ।